পটুয়াখালীর মাঠজুড়ে সোনালি পাকা ধান। নতুন ফসল ঘরে তোলার প্রস্তুতি নেওয়ার কথা কৃষকদের। নতুন ধানের আশায় যখন তাঁদের মুখে স্বস্তির হাসি থাকার কথা, ঠিক তখনই বৈরী আবহাওয়া সেই আনন্দে দুশ্চিন্তার ছায়া ফেলেছে। টানা বৃষ্টিতে অনেক জমির পাকা ধান নুয়ে পড়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। একই সঙ্গে তরমুজসহ অন্যান্য ফসল নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। সব মিলিয়ে উৎকণ্ঠায় কাটছে উপকূলীয় এ জেলার কৃষকদের দিন।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে কৃষক ও জেলেদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
শনিবার (২১ নভেম্বর) গভীর রাত থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত একটানা বৃষ্টিপাত অব্যাহত থাকে। এতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। সকাল থেকে বৃষ্টির কারণে ঘরের বাইরে বের হওয়া সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে পড়ে। বাজারঘাট, কৃষিকাজসহ দৈনন্দিন নানা কাজে বিঘ্ন ঘটে। বৃষ্টির মধ্যে যানবাহন ও পথচারীদের সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা যায়। এমনকি মৃত ব্যক্তির দাফন-কাফনেও ভোগান্তির সৃষ্টি হয়। অব্যাহত বৃষ্টিতে জেলায় শীতের অনুভূতিও বেড়েছে।
পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের কৃষক মোশারেফ বলেন, “এই বৃষ্টিতে আমাদের বেশির ভাগ ধান নষ্ট হয়ে গেছে। জমির পাকা ধান মাটিতে পড়ে গেছে। মোটা ধান ও ইরি-২৩ জাতের যেসব ধান পড়ে গেছে, সেগুলো থেকে ভালো চাল পাওয়া যাবে না; চিড়া হতে পারে। আমরা অনেক দুর্ভোগের মধ্যে পড়েছি।”
একই এলাকার কৃষক চান মিয়া জানান, বৃষ্টির কারণে তাঁর ধানের প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তরমুজের চারা চাষ করেছেন, সেগুলোরও প্রায় অর্ধেক নষ্ট হয়ে গেছে।
কৃষক সিকান্দার বলেন, “আমরা তরমুজ চাষের জন্য চারা রোপণ করেছি। কিন্তু বৃষ্টির পানিতে সবকিছু তলিয়ে গেছে। এতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা খুব দুশ্চিন্তায় আছি।”
নিজের জমির ধানের অবস্থা দেখতে গিয়ে হতাশ হয়ে পড়েন কৃষক রাসেল হোসেন। তিনি বলেন, “আমার প্রায় সব ধানই নুয়ে পড়েছে।”
এদিকে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় পাকা ধানসহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে যেসব জমিতে ধান পেকে গেছে, সেসব জমির ফসল নিয়ে বেশি উদ্বিগ্ন কৃষকরা। বৃষ্টির পানি জমে থাকায় তরমুজের চারা ও অন্যান্য ফসলেরও ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম মজুমদার দৈনিক মানবকণ্ঠকে মুঠোফোনে জানান, প্রাথমিকভাবে বৃষ্টি না থামা পর্যন্ত ধানের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত ধানের তেমন কোনো ক্ষয়ক্ষতি তাঁদের নজরে আসেনি। তবে আগাম সরিষা ও খেসারি চাষ করেছেন, এমন কৃষকদের কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে মাঠে থাকা পাকা ধান ও অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। এতে সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় পড়বেন তাঁরা।
এসএ




