গোপালগঞ্জসহ সারাদেশে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনার প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২১ নভেম্বর) সকালে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে মোংলা পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মোংলা পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিশেষ করে নারী কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “গোপালগঞ্জে যা ঘটছে, তা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত নাশকতা। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে আবারও আগুন-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা মোংলার মাটি থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার বলেন, “আওয়ামী ফ্যাসিস্টদের এসব অপকর্ম রুখতে প্রশাসনকে কঠোর হতে হবে। গোপালগঞ্জসহ সারাদেশে যারা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় জনগণ রাজপথে থেকে এর জবাব দেবে।”
সমাবেশে বক্তারা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু হোসাইন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, সাবেক কাউন্সিলর আলাউদ্দিন ও খোরশেদ আলম, পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন, বিএনপি নেতা রিয়াদ মাহমুদ, বাবলু ভূঁইয়া ও মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাবুল হোসেন রনি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল শিকদার, মহিলা নেত্রী বেবি রহমান ও জাহানারা জানুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এসএ




