চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
১৯৭১ সালের এই দিনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সশস্ত্র বাহিনীর সম্মিলিত অভিযানের ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য, জিওসি ২৪ পদাতিক ডিভিশন, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র উপস্থিত ছিলেন। এ ছাড়া সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুন। তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের পাশাপাশি স্বাধীনতার পর দেশসেবায় জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ সব বীর সন্তানের অবদানের কথা স্মরণ করেন।
বক্তব্যে ২১ নভেম্বরের ঐতিহাসিক অভিযানের গুরুত্ব তুলে ধরে এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, দেশ পুনর্গঠন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় সংকটে বেসামরিক প্রশাসনকে সহায়তা, পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি ও দেশের অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করেছে। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সদস্যরা পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথাও তুলে ধরেন তিনি। ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বশান্তি ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। দেশের স্থল, নৌ ও আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনী নিরলসভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের একপর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপহারসামগ্রী বিতরণ করা হয়। ঘাঁটি এয়ার অধিনায়ক, জিওসি ২৪ পদাতিক ডিভিশন এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল বীর মুক্তিযোদ্ধাদের হাতে এসব উপহার তুলে দেন।
এসএ




