তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে জনজীবন ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে। মনে রাখতে হবে, আগুন সন্ত্রাসীরা কোনো দলের নয়, তারা দেশ ও জনগণের শত্রু। তাদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে এক দিকনির্দেশনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গ্রাম পুলিশ সদস্যরা পোশাকধারী সরকারি কর্মী। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেলে দ্রুত বার্তা পাঠিয়ে সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। অপরাধীদের আইনের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি গুজব ও অপপ্রচার থেকে বিরত থেকে সঠিক তথ্য প্রচারে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, গ্রামের প্রতিটি এলাকায় কারা আসছে বা যাচ্ছে এবং কোথায় সন্দেহজনক কর্মকাণ্ড চলছে, সেসব বিষয়ে গ্রাম পুলিশকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত ইউনিয়ন পরিষদ, থানা-পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
গ্রাম পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৬ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম পুলিশদের স্বীকৃতি দিয়েছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের পদের মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে ৫০০ টাকা এবং পেনশন ভাতা ৮০ হাজার টাকা থেকে এক লাখ টাকা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নান্দাইল থানার পুলিশ সদস্যদের সক্ষমতার প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উপজেলার ১৩টি ইউনিয়নে পুলিশ সদস্য রয়েছেন ৬০ থেকে ৬৫ জন। অন্যদিকে গ্রাম পুলিশ সদস্যের সংখ্যা ১৩০ জন। তাই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাদের আইনের আওতায় আনতে সহযোগিতা করতে হবে।
সভায় প্রধান গ্রাম পুলিশ আব্দুস ছাত্তার তিন থেকে চার মাস পরপর বেতন-ভাতা পাওয়ার ভোগান্তির কথা তুলে ধরে নিয়মিত বেতন-ভাতা প্রদানের দাবি জানান। জবাবে প্রতিমন্ত্রী বিষয়টি জাতীয় সংসদ ও মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপনের আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় এবং নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।
এ সময় উপজেলার ১৩টি ইউনিয়নের ১২১ জন গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এসএ




