হবিগঞ্জের মাধবপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলার ১০ আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জামাল মিয়া (নির্দেশিত নাম), উপজেলার কুটানিয়া গ্রামের আবদুল কাদিরের ছেলে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২১ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর দুপুরে উপজেলার ৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নের কুটানিয়া গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এবং পূর্ববিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এতে একই পরিবারের আবুল হোসেন, জোসনা বেগম ও রুজিনা বেগম আহত হন। তাদের মধ্যে আবুল হোসেন ও জোসনা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ১৯ নভেম্বর মাধবপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. আলামিন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জামাল মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।




