মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছিলেন মাগুরার কৃষকরা। কিন্তু সেই স্বপ্নে এখন দুশ্চিন্তার ছায়া। টানা দুই দিনের ভারী বৃষ্টিতে জেলার বিস্তীর্ণ এলাকার আমন ধানের জমি তলিয়ে গেছে। পানির নিচে চলে গেছে আধাপাকা ও পাকা ধান। এমনকি আগেভাগে কেটে মাঠে রাখা ধানও ডুবে গেছে বৃষ্টির পানিতে। ফলে কষ্টে ফলানো ফসল ঘরে তোলা নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।
মাগুরা সদর উপজেলার মঘীর ঢালের বিস্তীর্ণ মাঠে এবার আমন ধানের বাম্পার ফলনের প্রত্যাশা ছিল কৃষকদের। মৌসুমের শুরু থেকে নানা পরিচর্যা ও পরিশ্রমের পর মাঠে সোনালি ধান দেখে তাদের মুখে হাসি ফুটেছিল। কিন্তু টানা বৃষ্টিতে সেই হাসি এখন হতাশায় রূপ নিয়েছে।
শনিবার (২১ নভেম্বর) মঘীর ঢালের মাঠে গিয়ে দেখা যায়, চারদিকে বৃষ্টির পানিতে ডুবে আছে ধানের জমি। পানিতে নেমে কৃষকরা ডুবে যাওয়া ধানের আঁটি উদ্ধারের চেষ্টা করছেন। কেউ পানির নিচ থেকে ধান তুলে আনছেন, আবার কেউ মাঠে কেটে রাখা ধান রক্ষায় ব্যস্ত সময় পার করছেন। ফসল বাঁচাতে কৃষকদের এমন প্রাণান্তকর চেষ্টা যেন শেষ লড়াই।
কৃষক জালাল উদ্দিন বলেন, দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকলে কাটা ও পাকা ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। মৌসুমজুড়ে পরিশ্রম করে ফলানো সোনালি ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা তারা ভাবতেও পারেননি।
কৃষক আব্দুল সালাম বলেন, ‘এত কষ্ট করে ফলানো ফসল চোখের সামনে পানিতে ডুবে গেল। ধারদেনা করে ধান চাষ করেছিলাম। ভেবেছিলাম, ধান ঘরে তুলতে পারলে দেনা শোধ করব, পরিবারের খরচ মেটাব। কিন্তু এখন কীভাবে সেই ধারদেনা শোধ করব, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছি।’
কৃষক আল মুহিম বলেন, ‘এ বছর ধানের ফলন খুব ভালো হয়েছিল। ফসল দেখে মনে অনেক আশা বেঁধেছিলাম। ভেবেছিলাম, এই আমন ধান বিক্রি করে ছেলেদের অনেক স্বপ্ন ও চাহিদা পূরণ করব। কিন্তু টানা বৃষ্টিতে সব স্বপ্ন পানির সঙ্গে মিশে গেল। এত কষ্টের ফসল এভাবে নষ্ট হয়ে যাবে, কখনো ভাবিনি।’
কৃষি অফিসের তথ্য অনুযায়ী, মাগুরা সদর উপজেলায় এবার ২৩ হাজার ৫৬৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এ মৌসুমে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৩ হাজার ৬৬৫ হেক্টর জমিতে।
এ বিষয়ে মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের তথ্য কৃষকদের আগেই সতর্কতামূলকভাবে জানানো হয়েছে। ধান পেকে গেলে তা কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিএইচ




