ময়মনসিংহের নান্দাইলে গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। সভায় গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
শনিবার (২১ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় এবং নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনসেবামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
গ্রাম পুলিশের ভূমিকা আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সভায় বিভিন্ন পরামর্শও তুলে ধরা হয়।
বিএইচ




