নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে কুষ্টিয়ার কুমারখালীতে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বাজারে সরবরাহ কমে যাওয়ায় গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা।
শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। টানা বৃষ্টির কারণে মাঠ থেকে সবজি সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণে বিঘ্ন ঘটছে। এতে বাজারে সবজির সরবরাহ কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ক্রেতারা জানান, কয়েক দিন আগেও যেসব সবজি তুলনামূলক কম দামে কেনা যেত, এখন সেগুলো বেশি দামে কিনতে হচ্ছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি খরচের মধ্যে সবজির দাম বৃদ্ধি সংসারের ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে পাইকারি বাজারে সবজির দাম বেড়েছে। পাশাপাশি পরিবহন ও সরবরাহেও সমস্যা হচ্ছে। বেশি দামে সবজি কিনতে হওয়ায় খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
বর্তমানে কুমারখালীর বাজারে প্রতি কেজি শিম ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, মরিচ ৫০ থেকে ৬০ টাকা এবং ফুলকপি ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য সবজির দাম আগের মতোই স্বাভাবিক রয়েছে।
ক্রেতাদের প্রত্যাশা, আবহাওয়া স্বাভাবিক হলে বাজারে সবজির সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে।
বিএইচ




