শুধু আইন বা জরিমানা করে পরিচ্ছন্ন ও নান্দনিক নগর গড়ে তোলা সম্ভব নয়; এ জন্য নাগরিকদের নিজেদের আচরণ ও দায়িত্ববোধের পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার সকালে চট্টগ্রামের বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি।
কর্মসূচির শুরুতে টার্মিনাল এলাকায় ঝাড়ু ও বেলচা দিয়ে ময়লা পরিষ্কার এবং নালায় মশার ওষুধ ছিটিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুরো বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নান্দনিক চট্টগ্রাম মানে শুধু সুন্দর রাস্তাঘাট বা আধুনিক বিপণিবিতান নয়। মানুষের নিরাপত্তা, নির্বিঘ্ন চলাচল এবং নাগরিকদের আস্থা তৈরি করাও নান্দনিকতার অংশ। শুধু সরকারি সংস্থার উদ্যোগে শহরকে নান্দনিক করা সম্ভব নয়; এ জন্য প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। শুধু আইন বা জরিমানা দিয়ে পরিবর্তন আনা সম্ভব নয়, নিজের ভেতর দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করতে হবে।
বহদ্দারহাট বাস টার্মিনালের গুরুত্ব তুলে ধরে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, প্রতিদিন এ টার্মিনাল থেকে ৯০০টির বেশি বাস দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ বিভিন্ন পথে চলাচল করে। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ হাজার যাত্রী টার্মিনালটি ব্যবহার করেন। প্রায় ৩০ বছর আগে চালু হওয়া এ টার্মিনালের পরিচ্ছন্নতায় কতটা অগ্রগতি হয়েছে, তা ভেবে দেখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাসমালিক, শ্রমিক, চালক, সহকারী ও যাত্রী—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের অনুরোধ করেন।
সড়ক দুর্ঘটনা রোধে পরিবহন মালিকদের সতর্ক করে জেলা প্রশাসক বলেন, লাইসেন্সবিহীন কাউকে গাড়ি চালাতে দেওয়া যাবে না। অসুস্থ বা আগের রাতে পর্যাপ্ত ঘুম হয়নি—এমন চালকের হাতেও গাড়ি দেওয়া উচিত নয়। নতুন কোনো পথে চালক পাঠানোর আগে ওই সড়কের অবস্থা, বাজার ও পথচারীদের চলাচল সম্পর্কে তাঁর ধারণা আছে কি না, তা নিশ্চিত করতে হবে।
গাড়ির ফিটনেস ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু ভাড়া পাওয়ার আশায় যেকোনো পথে গাড়ি পাঠানো উচিত নয়। ছয় মাসের লাভ একটি দুর্ঘটনায় শেষ হয়ে যেতে পারে। তাই গাড়ির ফিটনেস নিশ্চিত করার দায়িত্ব মালিকদেরও নিতে হবে।
চালকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, জীবনের ঝুঁকি নিয়ে কিংবা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। গতি নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের পাশাপাশি অন্যের জীবনও ঝুঁকির মুখে পড়ে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে বাসে আগুন দেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ জানান তিনি। এ ধরনের ঘটনায় চালক সরাসরি দায়ী না হলেও অনেক সময় বাসে আগুন দেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন টার্মিনালের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কারণে আশপাশের সড়ক উঁচু হওয়ায় টার্মিনাল নিচু হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। টার্মিনালের ভূমি সড়কের সমতলে আনা এবং পর্যাপ্ত আলো ও বিদ্যুতের ব্যবস্থা করতে সিডিএর সঙ্গে সমন্বয়ের অনুরোধ জানান তিনি।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বলেন, দক্ষিণ ও উত্তর চট্টগ্রামমুখী ২০ থেকে ২২টি রুটের গাড়ি এবং বিপুলসংখ্যক শ্রমিক এ টার্মিনাল ব্যবহার করেন। জলাবদ্ধতা ও অবকাঠামোগত ঘাটতির কারণে শ্রমিকদের একার পক্ষে টার্মিনাল পরিচ্ছন্ন রাখা কঠিন। তবে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে শ্রমিকেরা সর্বাত্মক সহযোগিতা করবেন।
চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএর প্রতিনিধি, টার্মিনাল পরিচালনা কমিটির নেতা, পরিবহন মালিক-শ্রমিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




