ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ছায়েব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে আখাউড়া থানায় হামলা, বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়ার মুখে ঘটনাস্থল ছাড়েন বিক্ষোভকারীরা।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে ছায়েব আলীকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা গেছে, ছায়েব আলী আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গণঅভ্যুত্থানের পর তিনি এনসিপিতে যোগ দেন। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, ছায়েব আলীকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি ও সংঘর্ষ হয়। এতে থানার অন্তত সাত পুলিশ সদস্য আহত হন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে ছায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। গ্রেপ্তারের পর রাতেই ছায়েব আলীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।




