নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল নেতা সামির হোসেনের বাড়িতে হামলা, দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া এবং তাঁর বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সামির হোসেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে তায়েব শিকদার পাকুন্দা গ্রামে নিজের বাড়িতে আসেন। খবর পেয়ে সামির হোসেন পুলিশকে খবর দিয়ে তাঁকে আটকের চেষ্টা করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তায়েব সেখান থেকে পালিয়ে যান। পরে এ ঘটনা নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন সামির।
এর জের ধরে সন্ধ্যায় তায়েব শিকদারের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেলে করে সামিরের বাড়িতে যান। এ সময় তাঁর মাকে গালিগালাজ, দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া এবং তাঁর বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
সামির হোসেন দৈনিক মানবকণ্ঠকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারের নেতৃত্বে সাকিব হোসেনসহ কয়েকজন তাঁর বাড়িতে হামলা চালিয়ে গুলি ছোড়েন। এ সময় তাঁর বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয় এবং তাঁর বাবা-মাকে হুমকি দেওয়া হয়। এর আগেও তাঁর ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন সামির।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক দৈনিক মানবকণ্ঠকে বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।
এসএ




