জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছেন। এসব ঝুঁকি মোকাবিলা, মানুষের জীবিকা সুরক্ষা এবং জীবনযাত্রাকে আরও টেকসই করতে বিশ্বব্যাংক এ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে উপকূলীয় জনপদের মানুষকে রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে অর্থটি ব্যয় করা হবে।
বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতার বিষয়ে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই সংস্থাটি বাংলাদেশকে বিভিন্ন খাতে সহায়তা দিয়ে আসছে। তুলনামূলক কম সুদে ঋণ পাওয়া যায় বলে উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংককে অগ্রাধিকার দেওয়া হয়। অন্যদিকে, বিভিন্ন দেশের কাছ থেকে দ্বিপক্ষীয় ভিত্তিতে ঋণ নিলে সুদের হার তুলনামূলক বেশি হয়।
বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পাশাপাশি নতুন কয়েকটি প্রকল্প নিয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
এ সময় রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের বিষয়টিও আলোচনায় আসে। মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা শহরে দুই থেকে তিন কোটি মানুষের বসবাস বলে ধারণা করা হয়। রাজধানীকে আরও বসবাসযোগ্য ও নাগরিকবান্ধব করে তুলতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা দিতে সম্মত হয়েছে সংস্থাটি।
ঢাকার নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। বিশেষ করে বস্তিতে বসবাসকারী শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান বাড়াতে এক বা দুটি বস্তিকে মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে সেখানে মডেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় কী ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে, জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে। বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত হলে এ বিষয়ে জানানো হবে।
বিএইচ




