ইউরোপে উচ্চশিক্ষা ও চাকরির স্বপ্ন দেখিয়ে শতাধিক তরুণ ও সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের ‘গ্রেট বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো. মামুনুল ইসলামের বিরুদ্ধে। ভিসা ও বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের টাকা নেওয়ার পরও কাউকে বিদেশে পাঠাতে পারেননি তিনি। একপর্যায়ে টাকা ফেরত না দিয়ে অফিস বন্ধ করে দেশ ছেড়ে কাতারে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির কার্যালয়। তবে নিজেদের শেষ সম্বল হারানো ভুক্তভোগীরা এখনো টাকা ফেরতের আশায় অফিসের সামনে ঘুরছেন।
চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের ইউনেস্কো সিটি সেন্টারের দশম তলায় ছিল প্রতিষ্ঠানটির কার্যালয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ‘গ্রেট বাংলাদেশ’ কার্যালয়ের প্রধান ফটকে বড় তালা ঝুলছে। আশপাশের ব্যবসায়ী ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ছয় মাস ধরে অফিসটি বন্ধ রয়েছে।
ভুক্তভোগীদের ভাষ্য, প্রতিদিনই চার থেকে পাঁচজন পাওনাদার অফিসের সামনে এসে অপেক্ষা করেন। যদি কোনোভাবে অফিস খোলে কিংবা প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়—এ আশায় দীর্ঘ সময় অপেক্ষার পর হতাশ হয়ে ফিরে যান তাঁরা।
ভুক্তভোগীদের অভিযোগ, ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও কাজের ভিসা দেওয়ার কথা বলে কয়েকশ শিক্ষার্থীর কাছ থেকে অগ্রিম কয়েক কোটি টাকা নেন মামুনুল ইসলাম। কিন্তু মাসের পর মাস পার হলেও কারও ভিসার ব্যবস্থা করতে পারেননি তিনি। একপর্যায়ে পাওনাদাররা টাকা ফেরত চাইলে তাঁদের হুমকি দেওয়া শুরু করেন। পরে কয়েকজনকে ব্যাংকের চেক দিলেও সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় সেগুলো প্রত্যাখ্যাত হয়।
প্রতিষ্ঠানটির মালিকের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, টাকা নিয়ে তিনি কাতারে চলে গেছেন। অন্যদিকে, বিদেশে যাওয়ার আশায় অনেকেই জীবনের শেষ সম্বল কিংবা পরিবারের সদস্যদের পেনশনের টাকা তুলে তাঁর হাতে দিয়েছিলেন। এখন সেই অর্থ ফেরত পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা।
পতেঙ্গা এলাকার ভুক্তভোগী রিয়াজুল হক জানান, হাঙ্গেরি পাঠানোর কথা বলে ২০২৪ সালের ২২ এপ্রিল তাঁর কাছ থেকে এক লাখ টাকা অগ্রিম নেন মামুনুল ইসলাম। ভিসার ব্যবস্থা করতে ব্যর্থ হয়ে একই বছরের ১০ নভেম্বর তাঁকে ঢাকা ব্যাংকের একটি চেক দেওয়া হয়। কিন্তু ২০২৫ সালের ৫ মে চেকটি ব্যাংকের আগ্রাবাদ শাখায় জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় ওই বছরের ২২ মে আদালতে মামলা করেন তিনি।
একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন সাতকানিয়ার ডেমশা এলাকার জয় বড়ুয়া। তিনি বলেন, “লিথুনিয়া পাঠানোর কথা বলে ২০২৩ সালে তিন দফায় আমার কাছ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা নেন মামুন। পরে টাকা ফেরত চাইলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি চেক দেন। কিন্তু অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি পাস হয়নি। পরে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি আদালতে মামলা করি। সম্প্রতি ওই মামলার রায় হয়েছে।”
এ বিষয়ে বক্তব্য জানতে মো. মামুনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে অর্থ বিনিয়োগ করে এখন নিঃস্ব হওয়ার পথে শতাধিক তরুণ। ভুক্তভোগীদের দাবি, তাঁদের অর্থ ফেরত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
এসএ




