রাজশাহীর মাঠে তখন আমন ধান ঘরে তোলার শেষ ব্যস্ততা। কোথাও পাকা ধান কাটছেন কৃষক, কোথাও কাটা ধান শুকানো ও মাড়াইয়ের প্রস্তুতি। মৌসুমজুড়ে নানা প্রতিকূলতা সামলে ভালো ফলনের আশায় ছিলেন তাঁরা। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় সেই আশায় এখন অনিশ্চয়তার ছায়া। জমিতে পানি জমে ডুবে গেছে কেটে রাখা ধান, হেলে পড়েছে পাকা ধানগাছ। জলাবদ্ধতায় ঝুঁকিতে আগাম আলু, সরিষা ও শীতকালীন সবজির আবাদও। ফসল ঘরে তোলার শেষ মুহূর্তে প্রকৃতির এমন বিরূপ আচরণে উৎপাদন খরচ ও লোকসানের হিসাব নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রাজশাহীর কৃষকরা।
গত শুক্রবার (২০ নভেম্বর) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবারসহ আজ অবধি অব্যাহত ছিল। মাঠে কেটে রাখা ধান ও পাকা ফসল নিয়ে বিপাকে পড়েছেন গোদাগাড়ী, তানোর, পবা, মোহনপুর, দুর্গাপুর ও বাঘাসহ বিভিন্ন এলাকার কৃষক।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে কাটা ধানের গুণগত মান নষ্ট হওয়া, শীষে অঙ্কুরোদ্গম, খড় পচে যাওয়া এবং জমিতে থাকা ধানের ফলন কমে যেতে পারে। একই সঙ্গে জলাবদ্ধতায় আলু ও অন্যান্য রবি ফসলের বীজ-চারা পচে যাওয়ার ঝুঁকি রয়েছে। উৎপাদন খরচ, শ্রমিক সংকট ও ফসলের ন্যায্যমূল্য নিয়ে আগে থেকেই চাপে থাকা কৃষকদের জন্য অসময়ের বৃষ্টি নতুন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কাটা ধান পানিতে, পচনের শঙ্কা
সরেজমিনে বিভিন্ন এলাকার আমন মাঠ ঘুরে দেখা গেছে, নিচু জমি ও বিলাঞ্চলে বৃষ্টির পানি জমে আছে। অনেক কৃষক ধান কেটে জমিতে শুকাতে দিয়েছিলেন, কেউ আবার কাটা ধান আঁটি বেঁধে রেখেছিলেন। টানা বৃষ্টিতে এসব ধান পানিতে ডুবে গেছে। অন্যদিকে জমিতে থাকা পাকা ধানগাছ বৃষ্টির পানি ও দমকা হাওয়ায় নুয়ে পড়েছে।
দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে এবং রোদ না উঠলে কাটা ধানে পচন ধরতে পারে। দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি জমিতে পড়ে থাকা ধান থেকে অঙ্কুরোদগমের আশঙ্কাও রয়েছে। এতে উৎপাদন ও বাজারমূল্য—দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়তে পারেন কৃষক।
মোহনপুর উপজেলার কেশরহাটের কৃষক বুলবুল জানান, আমন ধানের জমিতে প্রচুর পানি জমেছে। দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে ধানে গাছ গজিয়ে কৃষকের ক্ষতি হতে পারে।
একই এলাকার কৃষক আশরাফুল বলেন, দেরিতে রোপণ করা আমন ধান এখনো অনেক জমিতে কাটার উপযোগী হয়নি। বৃষ্টির কারণে ধান কাটতে দেরি হবে। তবে ঝড় না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম। ঝড় হলে ধানগাছ নুয়ে পড়তে পারে, এতে ধানের গুণগত মান ও বীজের মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
পবার কৃষক আনোয়ার হোসেন বলেন, জমির ধান কেটে রেখেছিলেন। টানা বৃষ্টিতে সেই ধান পানিতে ডুবে গেছে। বৃষ্টি না থামলে অনেক ক্ষতি হবে। কৃষক উজ্জ্বল জানান, পাকা ধানের ওপর বৃষ্টির পানি পড়ায় তাঁরা সমস্যায় পড়েছেন। দ্রুত রোদ উঠলে ক্ষতি কিছুটা কমবে বলে আশা করছেন।
বাঘায় কাটা ধান নিয়ে দিশেহারা কৃষক
বাঘা উপজেলাতেও হঠাৎ বৃষ্টিতে পাকা ও কাটা আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। ধান কাটার মৌসুমে মাঠজুড়ে কর্মব্যস্ততা থাকলেও বৃষ্টিতে কাটা ধান ঘরে তোলা কঠিন হয়ে পড়েছে।
আড়ানী চকরপাড়া গ্রামের কৃষক আমিরুল ইসলাম বলেন, ধান কাটার উপযুক্ত সময় হওয়ায় তাঁরা কাটতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে মাঠে কাটা ধান ভিজে ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে থাকা পাকা ধানও ক্ষতির মুখে পড়েছে। চার বিঘা জমির মধ্যে দুই বিঘার ধান কেটেছেন, বাকি দুই বিঘা এখনো দাঁড়িয়ে আছে। তাঁর মতে, কাটা ধানেই বেশি ক্ষতি হয়েছে।
বাউসা ইউনিয়নের দিঘা গ্রামের কৃষক সুরুজ হোসেন বলেন, ধান কাটার গুরুত্বপূর্ণ সময়ে টানা বৃষ্টিতে দুই বিঘা জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন।
দিঘা পুকুরপাড়া গ্রামের কৃষক জিল্লুর রহমান, আটালিপাড়া গ্রামের আক্কাস আলী, বলারবাড়ি গ্রামের সোহেল রানা, রাকিবুল ইসলাম ও তৈয়ব আলী জানান, শুক্রবার থেকে টানা বৃষ্টিতে কাটা ও পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কাটা ধানে নতুন করে গাছ গজানোর লক্ষণ দেখা যাচ্ছে। দ্রুত বৃষ্টি না কমলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
৫৭ শতাংশ ধান কাটা শেষ, বাকি মাঠে
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহী জেলার ৯টি উপজেলা ও মহানগরীর দুটি থানাসহ মোট ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এসব জমি থেকে ৪ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৫৭ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। অর্থাৎ এখনো বড় অংশের ফসল মাঠে রয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহিদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে ২৬ মিলিমিটার হয়। রোববার ও সোমবার বেলা ৩টা পর্যন্ত আরও ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী দিন থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, দ্রুত জমির পানি নিষ্কাশন করা গেলে বৃষ্টিতে ধানের খুব বেশি ক্ষতি হবে না। উপজেলা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। দু-তিন দিনের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয়। আরও দুদিন বৃষ্টি থাকতে পারে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর অন্তত দুই দিন পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।
তিনি আরও বলেন, জমিতে সরিষা, আলু ও শাকসবজির বীজ বপন আরও কিছুদিন পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা ইতিমধ্যে এসব ফসলের বীজ বপন করেছেন, তাঁদের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নান জানান, উপজেলায় মোট ২ হাজার ৩৫২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৬২৬ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। এখনো মাঠে ৭৩ শতাংশ ধান রয়েছে। বৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও অন্যান্য আবাদে এই বৃষ্টি উপকার বয়ে এনেছে বলে জানান তিনি।
মৌসুমজুড়ে নানা প্রতিকূলতা পেরিয়ে ভালো ফলনের আশায় ছিলেন কৃষকরা। কিন্তু ঘরে ফসল তোলার মুহূর্তে অসময়ের বৃষ্টি তাঁদের সেই স্বপ্নে অনিশ্চয়তা তৈরি করেছে। এখন ধান বাঁচাতে বৃষ্টি থামা আর রোদ ওঠার অপেক্ষায় কৃষক।




