পটুয়াখালীর দশমিনা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গবাদিপশু চরানো এবং বিদ্যালয় ভবনের নিচতলায় গোয়ালঘর তৈরি করে গরু পালনের অভিযোগ উঠেছে। এতে গোবর ও ময়লা-আবর্জনায় বিদ্যালয় প্রাঙ্গণ অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। ছড়াচ্ছে দুর্গন্ধ, ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ও খেলাধুলার পরিবেশ।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলার আলীপুর ইউনিয়নের মীরমর্দন গ্রামের ৭৬ নম্বর উত্তর-পূর্ব মীরমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে ভবনের নিচতলায় গরু রাখার স্থান এবং গোবরের কারণে অপরিচ্ছন্ন পরিবেশ দেখা যায়। এ ঘটনায় জমিদাতা পরিবারের সদস্য আবুল কালাম হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় প্রাঙ্গণে গরু-ছাগল রাখার পাশাপাশি মাঠেও নিয়মিত গবাদিপশু চরানো হয়। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারছে না। অন্যদিকে, গোয়ালঘর থেকে ছড়ানো দুর্গন্ধ ও ময়লা-আবর্জনার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে পাঠ গ্রহণ ব্যাহত হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগও বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন তাঁরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. নাজমুন নাহার বলেন, বিষয়টি এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়নি। তবে যাঁরা সেখানে গোয়ালঘর তৈরি করেছেন, তাঁদের সেটি সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। তাঁরা গোয়ালঘরটি সরিয়ে ফেলবেন বলে আশ্বাস দিয়েছেন।
অভিযোগের বিষয়ে আবুল কালাম হাওলাদার বলেন, আবহাওয়া খারাপ থাকায় সাময়িকভাবে বিদ্যালয়ের নিচতলায় গরুগুলো রাখা হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে সেখান থেকে গরুগুলো সরিয়ে নেওয়া হবে।
এদিকে, বিদ্যালয়ের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। তাঁদের দাবি, শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে পড়াশোনা, নিরাপদে চলাচল এবং খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে দ্রুত বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গবাদিপশু ও গোয়ালঘর সরিয়ে নিতে হবে।
একই সঙ্গে বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব রাখতে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এসএ




