সুন্দরবনের পূর্ব বন বিভাগের আলোরকোল ক্যাম্পের জামতলা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক এক হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ এবং বেশ কিছু নিষিদ্ধ শাপলাপাতা মাছ উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (২৩ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন আলোরকোল ক্যাম্পের বনরক্ষীরা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে জামতলা খালের আশপাশে চোরাশিকারিদের আনাগোনা বেড়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে বনের অভ্যন্তরে অভিযান শুরু করেন বনরক্ষীরা।
অভিযানকালে হরিণের চলাচলের পরিচিত পথ, গাছের সঙ্গে, ঝোপের আড়ালে এবং সরু খালের পাড়ে নাইলনের মোটা রশি দিয়ে পাতা অসংখ্য ফাঁদ দেখতে পান তাঁরা। এসব ফাঁদে আটকে হরিণের প্রাণহানির আশঙ্কা ছিল। পরে প্রায় দুই ঘণ্টার অভিযান চালিয়ে বনের ভেতর থেকে আনুমানিক এক হাজার ফুট ফাঁদ উদ্ধার করা হয়। একই সময়ে পাশের খালে পেতে রাখা বেশ কিছু নিষিদ্ধ শাপলাপাতা মাছও উদ্ধার করেন বনরক্ষীরা।
উদ্ধারের পর নিয়ম অনুযায়ী ফাঁদগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
আলোরকোল ক্যাম্পের এক কর্মকর্তা বলেন, জামতলা এলাকা হরিণের অন্যতম বিচরণক্ষেত্র। এখানে প্রতিদিন সকাল-বিকেল অসংখ্য হরিণ ঘাস খেতে আসে। শিকারিরা সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁদ পেতেছিল। সময়মতো অভিযান পরিচালনা না করলে অনেক হরিণ প্রাণ হারাতে পারত।
বন বিভাগ সূত্রে আরও জানা যায়, শাপলাপাতা মাছ সুন্দরবনের জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি প্রজাতি। এ মাছের অস্তিত্ব ও সংরক্ষণ নিয়ে উদ্বেগ রয়েছে। এ ধরনের মাছ আহরণ ও বাণিজ্যের ক্ষেত্রে প্রচলিত বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও বিধিবিধান অনুসরণ করা জরুরি।
অভিযানের সময় কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার করা ফাঁদের ধরন ও ব্যবহারের কৌশল বিশ্লেষণ করে জড়িত চক্রকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বলেন, হরিণ শিকার সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। হরিণ বাঁচলে বাঘসহ বনের অন্যান্য প্রাণীর খাদ্যশৃঙ্খলও সুরক্ষিত থাকবে। জামতলাসহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে।
চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ দৈনিক মানবকণ্ঠকে বলেন, সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে এ ধরনের ফাঁদ পাতা গুরুতর অপরাধ। কারা এসব ফাঁদ পেতেছে, তা শনাক্ত করতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। অপরাধী চক্রকে ধরতে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে।
এদিকে স্থানীয় জেলে ও বাওয়ালীরা বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, জামতলা এলাকায় স্থায়ীভাবে একটি টহল ফাঁড়ি স্থাপন করা প্রয়োজন। এতে চোরাশিকারিদের তৎপরতা কমবে বলে তাঁরা মনে করেন।
তাঁদের মতে, সুন্দরবনের হরিণ এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এই সম্পদ রক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করতে হবে।
এসএ




