রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সরবরাহ কার্যক্রমে নতুন অগ্রগতি হয়েছে। রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের অষ্টম চালান পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায় পৌঁছেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটিসহ মোট আটটি চালান দেশে পৌঁছাল।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এসব জ্বালানি মোট নয়টি চালানে বাংলাদেশে পৌঁছানোর কথা।
এদিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়। এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুরের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হয়। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
বিএইচ




