অনলাইনে ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না সাধারণ আবেদনকারীরা। কখনো লোডিং, কখনো স্বয়ংক্রিয়ভাবে সাইনআউট হয়ে যাওয়ার অভিযোগ তাঁদের। অথচ দালালের সঙ্গে যোগাযোগ করলেই নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে মিলছে কাঙ্ক্ষিত তারিখ। ভারতীয় ভিসার এই স্লট ঘিরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে একটি সক্রিয় দালালচক্র। জরুরি চিকিৎসার প্রয়োজনে ভারতে যেতে চাওয়া রোগী ও সাধারণ ভিসাপ্রার্থীদের অভিযোগ, এই চক্রের কাছে কার্যত জিম্মি হয়ে পড়েছেন তাঁরা।
অভিযোগ রয়েছে, একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট পেতে আবেদনকারীদের গুনতে হচ্ছে সাড়ে ৫ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকা। কোথাও কোথাও জরুরি ভিত্তিতে স্লট দেওয়ার নামে দাবি করা হচ্ছে ১০ হাজার টাকা পর্যন্ত। শুধু স্লট নয়, ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়ে আবেদনকারীদের সঙ্গে ৭০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চুক্তি করছে দালালচক্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি মাসে দুবার, নির্দিষ্ট বৃহস্পতিবারে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত করা হয়। অভিযোগকারীদের দাবি, স্লট চালুর ৩০ মিনিটের মধ্যেই অধিকাংশ তারিখ শেষ হয়ে যায়। আইভিএসির ভেতরের একটি অংশের যোগসাজশে দালালচক্র আগে থেকেই স্লট নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। ফলে সাধারণ আবেদনকারীরা ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে কখনো দীর্ঘ সময় লোডিংয়ের মুখে পড়ছেন, আবার কখনো স্বয়ংক্রিয়ভাবে সাইনআউট হয়ে যাচ্ছেন। সার্ভারের জটিলতার আড়ালে এসব অনিয়ম ঢাকা পড়ছে বলেও অভিযোগ তাঁদের।
চট্টগ্রামের পাশাপাশি ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের আবেদনকারীরাও একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন। আইভিএসির নিয়ম অনুযায়ী, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার কথা। কিন্তু কৃত্রিম সংকটের কারণে অনেক আবেদনকারী বাধ্য হয়ে দালালদের শরণাপন্ন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট পাইয়ে দেওয়ার জন্য আবেদনকারীর কাছ থেকে সর্বনিম্ন সাড়ে ৫ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ৭ হাজার টাকা নেওয়া হচ্ছে। জরুরি ভিত্তিতে স্লট দেওয়ার কথা বলে কোনো কোনো ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে।
তবে অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া মানেই ভিসা নিশ্চিত হওয়া নয়। স্লটের মাধ্যমে কেবল প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুযোগ মেলে। এরপর ভিসা পাওয়ার নিশ্চয়তা দেওয়ার নামে দালালদের সঙ্গে আলাদা আর্থিক চুক্তি করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। চট্টগ্রাম অঞ্চলে একেকটি ভিসার জন্য চুক্তি অনুযায়ী ৭০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
অভিযোগকারীদের ভাষ্য, এত টাকা ব্যয় করে কিংবা দীর্ঘ অপেক্ষার পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবেদন জমা দিয়েও অনেকেই ভিসা পাচ্ছেন না। অন্যদিকে, দালালদের মাধ্যমে আবেদন করা ব্যক্তিদের ভিসা পাওয়ার অভিযোগও তাঁদের মধ্যে সন্দেহ ও ক্ষোভ তৈরি করেছে।
চট্টগ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘আমার বাবার জরুরি হার্ট সার্জারি প্রয়োজন। দুই সপ্তাহ ধরে প্রতি বৃহস্পতিবার কম্পিউটারের সামনে বসেও ওয়েবসাইটের ওই অপশনে ঢুকতে পারছি না, শুধু ঘুরতেই থাকে। পাশে এক দালালের সঙ্গে যোগাযোগ করলে সে বলে ১০ হাজার টাকা দিলে কালকে স্লট এনে দেবে। বাধ্য হয়ে রোগীকে নিয়ে দালালদের দ্বারে ঘুরছি।’
অন্যদিকে, সব নিয়ম মেনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবেদন জমা দিয়েও ভিসা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অসুস্থ রেহানা পারভীন। তিনি বলেন, ‘অনেক কষ্টে স্লট পেয়ে রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে কাগজপত্র আইভিএসিতে জমা দিয়েছিলাম। দশ দিন পর পাসপোর্ট ফেরত পেলে দেখি ভিসা হয়নি। অথচ দালালদের মাধ্যমে ৭০ হাজার থেকে ১ লাখ টাকার চুক্তিতে যারা জমা দিচ্ছে, তাদের ভিসা হয়ে যাচ্ছে।’
গত ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকার সিডিএ অ্যাভিনিউতে অবস্থিত আইভিএসি কার্যালয়ে সরেজমিনে গিয়ে আবেদনকারীদের ভিড় দেখা যায়। সকাল থেকেই কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্টের আশায় সেখানে অপেক্ষা করছিলেন অনেকে।
কেন্দ্রের ভেতরে ও বাইরে থাকা আবেদনকারীদের মধ্যে ইমরান, সাব্বির ও ইমি জানান, পরিবারের গুরুতর অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য ভারতে নিতে তাঁরা ভিসার স্লট খুঁজছেন। এক মাস ধরে স্বাভাবিক নিয়মে চেষ্টা করেও স্লট না পেয়ে দালালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আশায় প্রতিদিন কেন্দ্রের আশপাশে ঘুরছেন তাঁরা।
ঢাকা থেকে চট্টগ্রামে আসা কয়েকজন ভিসাপ্রার্থীও একই অভিযোগ করেন। তাঁদের ভাষ্য, অসুস্থ রোগী নিয়ে ভারতে যাওয়ার জন্য আবেদন করতে চাইলেও অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে দালালের শরণাপন্ন হতে হচ্ছে। এরপরও অনেকের ভিসা হচ্ছে না।
স্লট বাণিজ্য ও ভিসা জটিলতার বিষয়ে বক্তব্য জানতে গত ১৫ নভেম্বর নগরের খুলশীর জাকির হোসেন রোডে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে যান এই প্রতিবেদক। তবে কার্যালয়ের ফটক থেকে জানানো হয়, পূর্বানুমতি ছাড়া সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমারের সঙ্গে সাক্ষাতের সুযোগ নেই।
পরে দপ্তরের নির্ধারিত টেলিফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। ই-মেইলে যোগাযোগের পরও পাঁচ দিনেও সাক্ষাতের কোনো সময় পাওয়া যায়নি।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ‘দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে মানুষের অসন্তোষের কারণে অনেকে চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। তবে স্লট ও ভিসা জটিলতায় তাদের ভোগান্তিতে পড়ছেন অনেকে। এ সুযোগ নিয়ে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট। ভিসা ও স্লট পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি।’ তিনি আরও বলেন, এ সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ভিসা আবেদনপ্রক্রিয়া সহজ করার দাবি জানান তিনি।
এসএ




