চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করতে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ১১টি শিক্ষা বোর্ডের প্রতিটি থেকে মেধাক্রমে শীর্ষ ১০০ জন শিক্ষার্থী এ ল্যাপটপ পাবে।
এ হিসাবে প্রথম ধাপে মোট ১ হাজার ১০০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে মেধাতালিকার ১০০তম অবস্থানে একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাঁদের বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষণ করা হবে। সব মিলিয়ে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী, শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি অ্যাডুকেশন ডেভেলপমেন্ট প্রগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় কর্মসূচিটি বাস্তবায়িত হবে। সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক পর্যায়ে ১১টি শিক্ষা বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ উদ্যোগের পরিসর আরও বাড়ানো হবে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের প্রণোদনা চালুর পরিকল্পনা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর মধ্যে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা ছিল সরকারের। তবে ধাপে ধাপে কর্মসূচিটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীর পেছনে আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হতে পারে।
কর্মসূচির পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত করতেই এ পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে মেধার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করবে।
যেভাবে নির্বাচিত হবেন শিক্ষার্থীরা
শুধু জিপিএ-৫ পাওয়ার ভিত্তিতে নয়, পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, প্রতিটি বোর্ডের নির্বাচিত ১০০ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা হবে। তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে কিছুটা ভিন্ন নিয়মে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
বিএইচ




