খুলনার দিঘলিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ফরমাইশখানার বার্মা শীল ঘাট (গোলারঘাট) এলাকায় সেনহাটি পুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়া এলাকার (২ নম্বর ওয়ার্ড) হোসেন শেখের ছেলে মো. সোহেল শেখ (৪০), সাহেব আলী মিনার ছেলে সুমন মিনা (৩০) এবং মৃত সুলতান হাওলাদারের ছেলে বিপ্লব হাওলাদার (২৭)।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনই দৌলতপুর এলাকার বাসিন্দা। তাঁরা গাঁজা নিয়ে দিঘলিয়ার সেনহাটি এলাকায় এসেছিলেন। স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে এসব গাঁজা সরবরাহের উদ্দেশ্য ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আটকের সময় তাঁদের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন পানিতে ফেলে দেওয়ার ঘটনাও জানা গেছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনহাটি পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা গাঁজার উৎস এবং সেনহাটি এলাকায় যাঁদের কাছে এসব মাদক সরবরাহের উদ্দেশ্যে তাঁরা অবস্থান করছিলেন, তাঁদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। পাশাপাশি মাদক চক্রের মূল হোতা ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এসএ




