চার দশকেরও বেশি সময় আগে রেকর্ড করা একটি বাংলা ডিসকো গান নতুন করে আলোচনায় এসেছে। ১৯৮২ সালে প্রকাশিত ‘আজ শনিবার’ শিরোনামের গানটি এবার জায়গা করে নিয়েছে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর রেডিও স্টেশন ওয়ার্ল্ডওয়াইড এফএমে। গেমটির মাধ্যমে নতুন প্রজন্মের পাশাপাশি বিশ্বের নানা দেশের শ্রোতার কাছেও পৌঁছে যাচ্ছে গানটি।
গানটির শিল্পী রূপা বিশ্বাস সেন। জিটিএ ৬-এ গানটি যুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত রূপা ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি ভীষণভাবে আপ্লুত। সংগীতের কোনো ভাষা নেই।’ রূপার ইচ্ছা ছিল, গানটি যেন কানাডা ও যুক্তরাষ্ট্রের শ্রোতাদের কাছেও পৌঁছায়; বাংলা ভাষার গান হলেও ভিন্ন ভাষাভাষী মানুষ এটি শুনে উপভোগ করবেন—এমনটাই চেয়েছিলেন তিনি।
আশির দশকের শুরুর দিকে কানাডা সফরে গিয়েছিলেন রূপা বিশ্বাস সেন। সেখানে একটি অনুষ্ঠানে গান পরিবেশনের পর সংগীতশিল্পী আশিস খান ও প্রণেশ খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের সহযোগিতায় একটি অ্যালবাম তৈরি করেন তিনি। অ্যালবামটিতে ছিল তিনটি গান—‘আজ শনিবার’, ‘মজা ভারি মজা’ ও ‘এই মরশুমে’।
তখন বাংলা গানে প্রচলিত ধারার প্রভাব বেশি ছিল; সেই সময়ে ডিসকো ও জ্যাজের মিশেলে তৈরি ‘আজ শনিবার’ ছিল কিছুটা ভিন্নধর্মী। তবে ১৯৮২ সালে প্রকাশের পর গানটি প্রত্যাশিত সাড়া পায়নি এবং একপর্যায়ে বাড়ির একটি ট্রাঙ্কে তুলে রাখা হয় রেকর্ডটি।
বহু বছর পর দুর্গাপূজার আগে বাড়ি পরিষ্কার করতে গিয়ে রূপার ছেলে দেবায়ন রেকর্ডটি খুঁজে পান। পরে রেকর্ড কোম্পানি গানটি জিটিএ ৬-এ ব্যবহারের জন্য প্রস্তাব করে। পুরো প্রক্রিয়া সম্পর্কে শুরুতে কিছুই জানতেন না রূপা; গানটি নির্বাচিত হওয়ার পর ছেলে ও পুত্রবধূ তাঁকে বিষয়টি জানান।
নতুন প্রজন্মের শ্রোতাদের কাছ থেকে এমন সাড়া পেয়ে আবেগাপ্লুত রূপা বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না, এই প্রজন্ম আমার পরিশ্রম উপভোগ করছে এবং তার প্রশংসা করছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’ এখনো নিয়মিত গান করেন রূপা বিশ্বাস সেন। তাঁর সংগীতজীবনে অনুপ্রেরণা হিসেবে রয়েছেন আরতি মুখার্জি, মান্না দে, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে। চার দশকের বেশি সময় পর ‘আজ শনিবার’-এর নতুন করে পরিচিতি পাওয়া তাঁর সংগীতজীবনে যোগ করেছে এক অন্যরকম অভিজ্ঞতা।
ডিআর




