চট্টগ্রামের নাজিরহাট রেলপথের সরকারহাট রেলস্টেশন টানা ছয় দিন ধরে বন্ধ রয়েছে। স্টেশনে টিকিট না পেয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিক্ষোভ করেছেন শতাধিক যাত্রী। ভোর ৬টার দিকে নাজিরহাট থেকে চট্টগ্রামগামী নাজিরহাট কমিউটার ট্রেনের যাত্রীরা এ বিক্ষোভ করেন। দীর্ঘদিন ধরে স্টেশনটিতে প্রয়োজনীয় জনবল না থাকায় এবং বর্তমানে টিকিট বিক্রি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-নাজিরহাট রেলপথের সরকারহাট স্টেশনে দীর্ঘদিন ধরে কোনো স্টেশনমাস্টার নেই। একজন বুকিং ক্লার্কের মাধ্যমে স্টেশনটির কার্যক্রম পরিচালিত হতো। তবে গত ছয় দিন ধরে ওই বুকিং ক্লার্ক মো. ওমর ফারুক কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অভিযোগ রয়েছে, তাঁর অনুপস্থিতিতে অন্য এক ব্যক্তি স্টেশনে টিকিট বিক্রি করতেন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে সরেজমিনে স্টেশনে গিয়ে দেখা যায়, প্রধান ফটক ও টিকিট কাউন্টারের দরজায় তালা ঝুলছে। টিকিট বিক্রির জন্য কাউন্টারে কেউ নেই। ট্রেন ধরতে এসে টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। একপর্যায়ে তাঁরা স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন। এতে নাজিরহাট থেকে চট্টগ্রামগামী যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, স্টেশনটি বন্ধ থাকায় নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছেন।
এ বিষয়ে জানতে বুকিং ক্লার্ক মো. ওমর ফারুকের মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রতিবেদকের পরিচয় জানার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) তৌষিয়া আহমেদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এসএ




