খুলনার বটিয়াঘাটায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ খাতের খামারি, উদ্যোক্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু এবং হাঁস-মুরগি পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণিসম্পদের রোগবালাই প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধিতে খামারি ও উদ্যোক্তাদের আরও উৎসাহিত করতে হবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো দেশের কৃষি ও অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরা, খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন ও গ্রহণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
এ উপলক্ষে প্রান্তিক খামারি ও নতুন উদ্যোক্তাদের উন্নত জাতের পশু-পাখি পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং আধুনিক খামার পরিচালনা বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রাণিসম্পদের স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক প্রয়োগ এবং ভেটেরিনারি পরামর্শসেবার বিষয়গুলোও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টির চাহিদা পূরণ, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ ধরনের আয়োজন খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধিতেও সহায়ক হবে।
এসএ





