পরিবারের বিশুদ্ধ দুধের চাহিদা মেটাতে শখের বশে মাত্র তিনটি গরু দিয়ে যাত্রা শুরু করেছিলেন। সময়ের ব্যবধানে সেই ছোট উদ্যোগই আজ রূপ নিয়েছে বিশাল এক বাণিজ্যিক খামারে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ‘স্বপ্না এগ্রো ডেইরি ফার্ম’ গড়ে তুলে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যোক্তা হুমায়ুন কবির খোকন। বর্তমানে তাঁর খামারে ছোট-বড় মিলিয়ে রয়েছে প্রায় ৫০০ থেকে ৬০০টি গরু।
শুধু বাণিজ্যিক সাফল্য নয়, মানবিক কর্মকাণ্ডেও দৃষ্টান্ত স্থাপন করেছেন এই উদ্যোক্তা। স্থানীয় অসহায় পরিবার, এতিমখানা ও মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বিনামূল্যে বিশুদ্ধ দুধ সরবরাহ করছেন তিনি।
সরেজমিনে তারাকান্দার স্বপ্না এগ্রো ডেইরি ফার্মে গিয়ে দেখা যায়, আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে গড়ে উঠেছে বিশাল এই খামার। সারি সারি শেডে উন্নত জাতের গাভি ও বাছুরের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন অর্ধশতাধিক শ্রমিক। খামার কর্তৃপক্ষের দাবি, এখানে উৎপাদিত খাঁটি ও ভেজালমুক্ত দুধ স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও বিশুদ্ধ দুধ ও দুগ্ধজাত পণ্য রপ্তানির পরিকল্পনা রয়েছে তাঁদের।
খামারটির মাধ্যমে এলাকার আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন ঘটেছে। এখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে স্থানীয় অনেক বেকার যুবক ও শ্রমিকের।
খামারের শ্রমিক আব্দুল কাদের বলেন, “আগে এলাকায় তেমন কোনো স্থায়ী কাজ ছিল না। সংসার চালাতে খুব কষ্ট হতো। এই খামার হওয়ার পর থেকে এখানে নিয়মিত কাজ করছি। মাস শেষে ভালো বেতন পাই। তা দিয়ে ছেলেমেয়ের পড়াশোনা ও সংসার ভালোভাবেই চলছে।”
আরেক শ্রমিক রফিকুল ইসলাম বলেন, “এখানে গরুগুলোর খুব যত্ন নেওয়া হয়। কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা ভেজাল খাবার ব্যবহার করা হয় না। মালিক নিজেও সব সময় খামারের খোঁজখবর রাখেন এবং আমাদের পরিবারের সদস্যদের মতো দেখেন।”
খামারটির সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারাও। এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, “বাজারে এখন খাঁটি দুধ পাওয়াটাই বড় দায়। কিন্তু স্বপ্না এগ্রো ফার্মের কারণে আমরা নির্ভেজাল দুধ পাচ্ছি। সবচেয়ে বড় কথা, খোকন সাহেব এলাকার গরিব মানুষ ও এতিম শিশুদের নিয়মিত বিনা মূল্যে দুধ দেন, যা সত্যিই প্রশংসনীয়।”
অপর বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “মাত্র কয়েকটি গরু দিয়ে শুরু করে আজ এত বড় খামার গড়ে তোলা আমাদের এলাকার জন্য গর্বের বিষয়। তাঁকে দেখে এখন এলাকার অনেক শিক্ষিত বেকার যুবকও গবাদিপশু পালনে আগ্রহী হচ্ছে।”
নিজের সফলতার গল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খামারের স্বত্বাধিকারী হুমায়ুন কবির খোকন বলেন, “শখের বশে প্রথমে দুটি-তিনটি গরু কিনেছিলাম নিজেদের খাঁটি দুধ খাওয়ার জন্য। পরে চিন্তা করলাম, সমাজের অসহায় মানুষের জন্যও কিছু করা উচিত। বিশেষ করে যারা ঠিকমতো দুবেলা খাবার পায় না, সেই পরিবার এবং এতিমখানা ও মাদ্রাসার শিশুদের পুষ্টির কথা ভেবে বিনামূল্যে বিশুদ্ধ দুধ দেওয়ার উদ্যোগ নিই। এভাবেই আল্লাহর রহমতে খামারটি বড় হতে হতে আজ প্রায় ৫০০ থেকে ৬০০ গরুতে দাঁড়িয়েছে। সবই মহান আল্লাহর রহমত।”
তিনি আরও বলেন, “আমি চাই দেশের প্রতিটি খামারি মানুষকে বিশুদ্ধ ও ভেজালমুক্ত দুধ সরবরাহ করুক। আমাদের পরবর্তী পরিকল্পনা হলো এই বিশুদ্ধ দুধ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা।”
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম বলেন, “তারাকান্দার স্বপ্না এগ্রো ডেইরি ফার্মের এই সাফল্য ময়মনসিংহ জেলার প্রাণিসম্পদ খাতের জন্য অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক। আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা, নিরাপদ ও বিশুদ্ধ দুধ উৎপাদন এবং একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা থেকে এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি সত্যিই প্রশংসার দাবি রাখে।”
তিনি আরও জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে খামারটির প্রয়োজনীয় কারিগরি সহায়তা, টিকাদান কার্যক্রম এবং ভবিষ্যতে দুধ প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির উদ্যোগে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
মাত্র কয়েকটি গরু দিয়ে শুরু হওয়া স্বপ্না এগ্রো ডেইরি ফার্ম আজ শত শত গরুর বিশাল খামার। উদ্যোক্তার এই পথচলা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি নিশ্চিতকরণ এবং সামাজিক দায়বদ্ধতার এক অনুপ্রেরণামূলক উদাহরণ।
এসএ





