বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন, উন্নত জাতের পশু উৎপাদন ও খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোলার চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর-ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস। সঞ্চালনা করেন মেরিন ফিশারিজ প্রকল্পের সাবেক কর্মকর্তা সায়দুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল ও উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগাতে পারলে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদাও পূরণ করা সম্ভব হবে। এ জন্য খামারিদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের আওতায় আনতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজন আলী। পরে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের চলমান সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সচিত্র উপস্থাপনা করেন ভেটেরিনারি সার্জন লিখন কুমার শীল।
এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া চরফ্যাশন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ডিম ও দুধ বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।





