গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন ও এ-সংক্রান্ত বিষয়ে ভারত সরকারের কাছে দুবার চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতের কাছে গঙ্গার পানি চুক্তি নিয়ে দুটি চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে তিনি ব্যক্তিগতভাবেও একটি চিঠি পাঠিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো চিঠিরই জবাব পাওয়া যায়নি।
ভারত সরকারের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়ে তিনি বলেন, বাংলাদেশ আশা করে, প্রতিবেশী দেশটি কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে নয়, বরং বাংলাদেশের সামগ্রিক জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। ভারত বন্ধুত্বের মনোভাবের পরিচয় দেবে এবং গঙ্গার পানি বণ্টন সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করে সরকার।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, গঙ্গার পানি বণ্টন বিষয়ে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে ভারতের উত্তরের অপেক্ষায় বসে নেই বাংলাদেশ। পানি সংরক্ষণ, উৎপাদন ও উন্নয়ন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, পানি সংরক্ষণের লক্ষ্যে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে। এ ছাড়া পানি ধরে রাখতে পদ্মা ব্যারাজ প্রকল্প এবং পানির উৎপাদন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।
বিএইচ





