শীতের আমেজ বাড়তে শুরু করেছে। সন্ধ্যা নামতেই অনুভূত হচ্ছে হালকা শীতের পরশ। শীত নিবারণের প্রস্তুতি হিসেবে কেউ পুরোনো লেপ-তোষক ঝেড়েমুছে নিচ্ছেন, আবার কেউ কিনছেন নতুন লেপ। আর মানুষের এই প্রস্তুতিকে ঘিরে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় বেড়েছে লেপ-তোষক তৈরির কারিগরদের ব্যস্ততা। সকাল থেকে রাত পর্যন্ত কাজের চাপে দম ফেলার ফুরসত নেই তাদের।
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার মোকামতলা বাজারের রাফি গদি ঘরে গিয়ে দেখা যায়, সেখানে তিনজন কারিগর ব্যস্ত সময় পার করছেন। কেউ তুলা ধুনছেন, কেউ কাপড়ের ভেতর তুলা ভরছেন, আবার কেউ সুঁই-সুতার ফোঁড়ে তৈরি করছেন লেপ-তোষক। ক্রেতাদের চাহিদা মেটাতে একের পর এক অর্ডারের কাজ চলছে।
দোকানটির মালিক রবিউল ইসলাম রাফি বলেন, শীতের শুরুতেই লেপ, তোষক ও গদির চাহিদা বেড়েছে। তবে এসব পণ্যের মধ্যে লেপের চাহিদাই সবচেয়ে বেশি। শীত মৌসুমে কাজের চাপ বাড়ায় পরিশ্রমও বেশি করতে হয়। বেচাকেনাও মোটামুটি ভালো হচ্ছে। তবে তুলা, কাপড়, সুতা ও লেপ-তোষক তৈরির প্রায় সব উপকরণের দাম বেড়েছে।
দোকানের কারিগর সোহাগ ইসলাম বলেন, তিনি তিন বছর ধরে লেপ-তোষক তৈরির কাজ করছেন। শীত মৌসুম এলে কাজের চাপ কিছুটা বাড়ে। একা কাজ করলে দিনে চারটি লেপ অথবা প্রায় ছয়টি তোষক তৈরি করা যায়। একটি লেপ তৈরির মজুরি পান ৩০০ টাকা। শীত মৌসুমে প্রতিদিন তাঁর আয় হয় প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। তবে গ্রীষ্মকালে কাজ কম থাকায় আয়ও কিছুটা কমে যায়।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে লেপ-তোষকের চাহিদা আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তাই শীত পুরোপুরি জেঁকে বসার আগেই ক্রেতাদের চাহিদা পূরণে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। তাঁদের নিপুণ হাতের পরিশ্রমেই তৈরি হচ্ছে শীতের রাতে উষ্ণতার অনুষঙ্গ লেপ-তোষক।
বিএইচ





