দেশে অন্তত ১০ লাখ ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে ভূমিকা রাখলে বিনিয়োগের ১.২৫ শতাংশ প্রণোদনা পাবেন বাংলাদেশি নাগরিক ও দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। এ সুবিধা চালু করতে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার।
গত বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসআরও নম্বর ৪২২-আইন/২০২৬-এর মাধ্যমে গেজেট প্রকাশ করে নীতিমালাটি জারি করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ২২ ধারার ক্ষমতাবলে জারি করা নীতিমালাটি অবিলম্বে কার্যকর হয়েছে।
নীতিমালা অনুযায়ী, যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশে আনা মোট বিদেশি বিনিয়োগের ১.২৫ শতাংশ হারে প্রণোদনা পাবে। তবে এ সুবিধা পেতে বিনিয়োগের পরিমাণ কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার অথবা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা হতে হবে।
এ প্রণোদনার আওতায় থাকবেন দেশের সব বাংলাদেশি নাগরিক, প্রবাসী বাংলাদেশি (এনআরবি) এবং বাংলাদেশি নাগরিকদের শতভাগ মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানি।
তবে এ প্রণোদনা কেবল নতুন ইক্যুইটি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদ্যমান কোনো প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা কিংবা প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য করা বিনিয়োগ এ সুবিধার আওতায় আসবে না। তবে কোনো বিদ্যমান বিনিয়োগকারী তাঁর বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন কোনো খাতে অথবা ভিন্ন কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ আনলে প্রণোদনার জন্য বিবেচিত হবেন।
নীতিমালায় বলা হয়েছে, বিনিয়োগ আসার আগেই আবেদনকারীকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের পর আবেদনকারীকে একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ দেওয়া হবে। বিদেশি বিনিয়োগের অর্থ দেশে নগদায়নের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে একই পোর্টালের মাধ্যমে প্রণোদনার জন্য আবেদন করতে হবে।
প্রণোদনা পাওয়ার যোগ্যতা অর্জনে মূল্যায়ন প্রক্রিয়ায় আবেদনকারীকে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে। এ ক্ষেত্রে প্রাথমিক যোগ্যতা, প্রয়োজনীয় সহায়ক নথিপত্র, বিনিয়োগকারীর সুপারিশ, বিনিয়োগের পরিমাণ ও প্রভাব এবং বিনিয়োগের স্থায়িত্ব বিবেচনা করা হবে।
স্বচ্ছতা নিশ্চিত ও স্বার্থের সংঘাত এড়াতে আবেদনকারীকে আবেদনের আগের দুই বছর সংশ্লিষ্ট বিদেশি বিনিয়োগকারী বা যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে, তার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা রাখা যাবে না। একইভাবে আবেদন করার পরবর্তী দুই বছরও এসব বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করা যাবে না।
প্রণোদনার অর্থ দুই কিস্তিতে দেওয়া হবে। আবেদন অনুমোদন এবং বিনিয়োগের অর্থ দেশে পাঠানো বা এফডিআই নগদায়নের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মোট প্রণোদনার ৫০ শতাংশ পরিশোধ করা হবে। বাকি ৫০ শতাংশ দেওয়া হবে এক বছর পর। তবে এ জন্য কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি কিংবা বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম শুরুর অগ্রগতি যাচাই করা হবে। পাশাপাশি বিনিয়োগের ইক্যুইটি অংশও বহাল থাকতে হবে।
প্রণোদনার অর্থ প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে একটি সমন্বিত যাচাইব্যবস্থা রাখা হয়েছে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ ব্যাংক যুক্ত থাকবে।
বিদেশি বিনিয়োগের দাবির সত্যতা যাচাইয়ে ব্যাংকিং লেনদেন ও কোম্পানির আনুষ্ঠানিক নথিপত্র মিলিয়ে দেখা হবে। নগদ অর্থে কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে দেশে আনা বিনিয়োগ এ প্রণোদনার জন্য বিবেচিত হবে না। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রণোদনার আবেদন চূড়ান্তভাবে অনুমোদনের দায়িত্ব পালন করবে অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন জাতীয় পর্যালোচনা কমিটি। অন্যদিকে, অর্থ বিভাগের একজন প্রতিনিধির নেতৃত্বে গঠিত নির্বাহী কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করবে।
অর্থ বিভাগের এফডিআই প্রণোদনা তহবিল থেকে এ কর্মসূচির অর্থের জোগান দেওয়া হবে। নির্ধারিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় প্রণোদনার অর্থ পরিশোধ করা হবে। তবে প্রবাসী বাংলাদেশিরা চাইলে তাঁদের প্রণোদনার অর্থ বিদেশে স্থানান্তর করতে পারবেন।
প্রণোদনা কর্মসূচির বাস্তবায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রতিবছর একটি ড্যাশবোর্ড প্রকাশ করবে। এতে প্রাপ্ত আবেদনের সংখ্যা, বিতরণ করা প্রণোদনার পরিমাণ এবং বিদেশি বিনিয়োগের পরিসংখ্যান তুলে ধরা হবে। জাতীয় পর্যালোচনা কমিটি প্রতিবছর নীতিমালাটির কার্যকারিতাও পর্যালোচনা করবে।
নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, এটি কার্যকর হওয়ার আগে দেশে আনা ইক্যুইটি এফডিআইয়ের ক্ষেত্রে কোনো প্রণোদনা দেওয়া হবে না। প্রণোদনার আবেদনপত্র, লিড রেজিস্ট্রেশনের নির্ধারিত ফরম্যাট এবং এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।





