দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি সম্মানী দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি অর্থবছরেই তাঁদের এ সুবিধার আওতায় আনা হবে। ইতোমধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে। বাকি তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
প্রতিমন্ত্রী জানান, পর্যায়ক্রমে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সরকারি সম্মানীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। যাঁদের তথ্য এখনো অন্তর্ভুক্ত হয়নি, তাঁরাও জুলাই মাস থেকে বকেয়াসহ সম্মানী পাবেন।
সরকারের ৩১ দফা প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে সম্মানিত করতে চায় সরকার। তাঁদের যথাযথ সম্মান নিশ্চিত করা গেলে জাতি সঠিক পথ পাবে বলে মন্তব্য করেন তিনি।
ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের স্বাবলম্বী করা, কৃষক কার্ড, উন্নত স্বাস্থ্যনীতি, আনন্দমুখর শিক্ষাব্যবস্থা, ২৫ কোটি বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। তবে শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হলেই হবে না, মানুষকে হক ও বাতিলের পার্থক্যও বোঝাতে হবে। এ ক্ষেত্রে ধর্মীয় পথপ্রদর্শকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মাদরাসা শিক্ষাবোর্ডের সমন্বয় ও স্বীকৃতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কওমি মাদরাসার জন্য আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের আদলে মাদরাসা শিক্ষাবোর্ডগুলোর সমন্বয় ও স্বীকৃতির বিষয়টি এগিয়ে নেওয়ার পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীদের বিসিএসসহ সরকারি চাকরিতে সুযোগ সম্প্রসারণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ চলছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে তা দেওয়া হবে।
অনুষ্ঠানে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সচিব শাইখ ড. আওয়াদ বিন সাবতী আল-আনাযী, আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহহাব সাঈদানী এবং অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের আমির শাইখ আসগর আলী আলাফী মাদানীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিএইচ





