প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে এসেছেন ২০ বছর বয়সী তরুণ সোরঠিয়া ফাইজান শাহ ওরফে হামজা। পরিবারের উদ্যোগে ১৭ বছর বয়সী মাহি আক্তারের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মাহির মা শামীমা আক্তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফাইজান শাহ ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার বাসিন্দা। তাঁর বাবা রেজওয়ান শাহ পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। অন্যদিকে মাহি আক্তার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে। সে স্থানীয় বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী।
মাহির পরিবারের সদস্যরা জানান, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মাহির মা ও ছোট ভাই। পরে তাঁকে বরিশালে নিয়ে যাওয়া হয়। পরদিন ২৩ নভেম্বর বরিশালের এক আইনজীবীর চেম্বারে নোটারি ও মৌলভী ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর ফাইজানকে জামাই হিসেবে গ্রহণ করে নিজ বাড়িতে নিয়ে যায় মাহির পরিবার।
১৭ বছর বয়সী কিশোরীর সঙ্গে ভারতীয় তরুণের বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। তাঁকে দেখতে মাহির বাড়িতে ভিড় করেন স্থানীয় অনেকে।
মাহি আক্তার জানান, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তাঁর বড় ভাইয়ের মাধ্যমে ফাইজানের সঙ্গে পরিচয় হয়। তাঁর বড় ভাইয়ের ইনস্টাগ্রাম বন্ধু ছিলেন ফাইজান। সেখান থেকেই তাঁদের মধ্যে যোগাযোগ ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দেড় বছর ধরে তাঁদের সম্পর্ক চলছিল। তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তাঁরা যোগাযোগ অব্যাহত রাখেন।
মাহি বলেন, ফাইজান তাঁকে বিয়ে করার উদ্দেশ্যেই গত ২২ নভেম্বর ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসেন। বিমানবন্দরে তাঁর মা ও ছোট ভাই ফাইজানকে গ্রহণ করে বরিশালে নিয়ে আসেন। গত এক বছরে ফাইজানের সঙ্গে কথা বলে ও সিনেমা দেখে হিন্দি ভাষা শিখেছেন তিনি। ফলে তাঁদের মধ্যে ভাষাগত কোনো সমস্যা নেই বলে জানান মাহি। পরিবারের অন্য সদস্যরাও কমবেশি হিন্দিতে কথা বলতে পারেন। ফাইজান তাঁর সঙ্গে বাংলাদেশেই থাকতে চান বলেও জানান মাহি।
ফাইজান শাহ বলেন, তাঁর বাবা গুজরাটের রাজুলা এলাকায় পরিবহন ব্যবসা করেন। তাঁরা তিন ভাই, তিনি পরিবারের মেজ ছেলে। মাহির সঙ্গে সম্পর্কের বিষয়টি তাঁর পরিবার স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন এবং স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই থাকতে চান বলে জানান তিনি।
মাহির মা শামীমা আক্তার বলেন, মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও তাঁরা সফল হননি। একপর্যায়ে উপায় না দেখে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি জানার পর ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয়সহ প্রয়োজনীয় তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, স্থানীয় গ্রামপুলিশের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





