মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া আরও ৪৩ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে এসব জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছিলেন। তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় ৪৩ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশি নৌকাসহ মোট ৪৩৪ জন জেলেকে আটক করে আরাকান আর্মি। তাঁদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা।
এর আগে বিজিবির উদ্যোগে কয়েক দফায় ৩৪৮ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। তাঁদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা ছিলেন। সর্বশেষ ৪৩ জনকে ফিরিয়ে আনার ফলে আগের হিসাব অনুযায়ী দেশে ফেরত আসা জেলের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জনে।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে বিভিন্ন সময়ে এসব জেলেকে আটক করা হয়েছিল। তাঁদের অনেকে দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিভিন্ন কারাগার ও আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকায় আটক ছিলেন।
সীমান্তে জেলে আটকের ঘটনায় উদ্বেগের মধ্যে বিজিবির ধারাবাহিক প্রচেষ্টায় তাঁদের দেশে ফিরিয়ে আনার ঘটনাকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এখনো আটক থাকা জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্বজনেরা।
বিএইচ





