সুন্দরবনে জলদস্যু দমনে অভিযান চালিয়ে দুই কথিত সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার কয়রা উপজেলার পাড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের তাজা গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া গ্রামে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাফিজুর রহমান (৩৭) ও আব্দুর রহিম (২৬)। এসআরবি সূত্রে জানা গেছে, তারা এলাকায় সাধারণ মানুষ হিসেবে পরিচিত হলেও আড়ালে জলদস্যুদের সহযোগী হিসেবে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।
এসআরবি সূত্র জানায়, গত কয়েক মাস ধরে কয়রা-সুন্দরবন চ্যানেলে জেলেদের ওপর হামলা, জিম্মি করে মুক্তিপণ আদায়, নৌকা, জাল ও মাছ লুটের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে এসআরবি-৬-এর গোয়েন্দা দল প্রায় এক সপ্তাহ ধরে পাড়পাড়া এলাকায় নজরদারি চালায়।
বৃহস্পতিবার সকালে জলদস্যুদের দুই সহযোগীর অবস্থান নিশ্চিত হওয়ার পর স্পেশাল কোম্পানির একটি দল পুরো এলাকা ঘিরে অভিযান চালায়। এ সময় হাফিজুর রহমান ও আব্দুর রহিমকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজুরের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু দলনেতা হিসেবে পরিচিত ইয়াদ আলীর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বসতঘরের খাটের নিচে ও ধানের বস্তার আড়ালে লুকিয়ে রাখা চারটি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ধরনের ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ইয়াদ আলী পালিয়ে যান বলে জানিয়েছে এসআরবি। তাঁকে গ্রেপ্তারে সুন্দরবনে অভিযান চলমান রয়েছে।
এসআরবি সূত্রের দাবি, হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে জলদস্যুদের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন। অন্যদিকে আব্দুর রহিম দস্যুদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের তথ্য আগাম দস্যুদের কাছে সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।
এসআরবির এক কর্মকর্তা বলেন, জলদস্যুদের সহযোগী ও তথ্য সরবরাহকারী নেটওয়ার্ক ভেঙে দিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পলাতক দলনেতাকে গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে দুই সহযোগী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের খবরে সুন্দরবনসংলগ্ন এলাকার জেলেদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে বলেন, এই চক্রের ভয়ে তাঁরা রাতে নদীতে মাছ ধরতে যেতে সাহস পেতেন না। মাছ ধরতে গেলে নৌকা আটকে মুক্তিপণ দাবি করা হতো। দুইজন গ্রেপ্তার হওয়ায় তাঁরা এখন নিরাপদে মাছ ধরতে পারবেন বলে আশা করছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা পলাতক ইয়াদ আলীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ কয়রা থানায় হস্তান্তর করা হবে।
সংস্থাটি আরও জানায়, নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও মাদক কারবারিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ





