সন্তানের জন্মের সময় স্ত্রী ও নবজাতকের পাশে থাকতে এবার পুরুষ সরকারি কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালু করতে যাচ্ছে ভারতের তামিলনাড়ু সরকার। নতুন নিয়ম অনুযায়ী, বাবা হতে যাওয়া পুরুষ সরকারি কর্মীরা ১৫ দিনের ছুটি পাবেন এবং সন্তানের জন্মের আগে কিংবা জন্মের পর ছয় মাসের মধ্যে যেকোনো সময় এই ছুটি নেওয়া যাবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়) এ ঘোষণা দেন বলে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকারি পুরুষ কর্মীরা পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৭ সাল থেকেই ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন এবং এবার কেন্দ্রীয় সরকারের ছুটির মেয়াদের সঙ্গে সামঞ্জস্য রেখে তামিলনাড়ুতেও একই ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে সন্তানের জন্মের আগের ১৫ দিনের মধ্যে অথবা জন্মের পরবর্তী ছয় মাসের যেকোনো সময়ে পুরুষ সরকারি কর্মীরা এই ছুটি নিতে পারবেন।
এ বিষয়ে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরুষ কর্মীদের দীর্ঘদিনের পিতৃত্বকালীন ছুটির দাবির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে; উল্লেখ্য, তামিলনাড়ুর নারী সরকারি কর্মীরা আগে থেকেই ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্তান জন্মের আশপাশের সময় মা ও শিশু উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেওয়ার পাশাপাশি নবজাতকের যত্ন নেওয়ার ক্ষেত্রে বাবার অংশগ্রহণ অপরিহার্য।
ভারতে সরকারি পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালু করা প্রথম রাজ্য নয় তামিলনাড়ু। এর আগে ২০১১ সালে ওড়িশায় ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু হয় এবং পশ্চিমবঙ্গে যোগ্য পুরুষ সরকারি কর্মীরা পিতৃত্বকালীন ও শিশুযত্ন মিলিয়ে ৩০ দিনের ছুটি পান। এ ছাড়া কেরালায় সর্বোচ্চ ১০ দিনের পিতৃত্বকালীন ছুটির সুযোগ রয়েছে; পাশাপাশি মধ্যপ্রদেশে ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর সংশোধিত বিধিমালা অনুযায়ী এই ছুটির মেয়াদ ১৫ দিন এবং চলতি বছরের সেপ্টেম্বরে আসামেও যোগ্য পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৪ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করা হয়েছে।
ডিআর





