দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে আবারও সচল হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার এবং সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ও শুক্রবার ভোররাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
চূড়ান্ত হওয়া ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন মালয়েশিয়ায় পৌঁছালেও বাকি ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তাঁরা যেতে পারেননি; তবে নথিপত্র ঠিক করে এই ৯ জনও দ্রুত মালয়েশিয়া যাবেন বলে জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। বিমানবন্দরে কর্মীদের স্বাগত জানানোর সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রমবিষয়ক কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলাম ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হাইকমিশনার কর্মীদের অভিনন্দন জানিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মালয়েশিয়ার আইনকানুন, সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানোর এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে এবং বিদেশে পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও কাজ শুরু করবে। কর্মীদের উদ্দেশে তিনি সুস্থ থেকে সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে সুনামের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় ১১২ জনকে নির্বাচন করা হয়। নির্বাচিত কর্মীদের কাউকেই কোনো অভিবাসন ব্যয় বহন করতে হয়নি; তাঁরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত মাসিক মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন এবং তাঁদের আবাসন, চিকিৎসাসুবিধা ও অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় নিয়োগকর্তাই বহন করবে।
প্রথম ধাপের পর আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে এবং ইতিমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। উল্লেখ্য, ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল; চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় গিয়ে ২২ জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং সেই কূটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতায় বিনা খরচে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো।
ঢাকায় কর্মীদের বিদায় অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআর





