পরশক্তিকে মোকাবিলা করতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং রাজপথে জনগণ সজাগ থেকে স্বৈরাচারকে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার চতুরপাড়া এলাকায় আয়োজিত মিনি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাড়িঘরে অগ্নিসংযোগসহ একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও পুলিশ কাউকে একটি গুলিও করেনি। বর্তমান সরকার পুলিশ দিয়ে মানুষ হত্যা করতে চায় না। বরং মানুষকে ভালোবাসার মাধ্যমেই বিএনপি সরকার সব ধরনের অরাজকতার জবাব দিতে চায়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক খোকন তালুকদার আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সদিচ্ছায় স্কুল-কলেজ পর্যায়ে খেলাধুলার প্রতিযোগিতা শুরু হয়েছে। এর ফলে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। খেলার মাঠে হাজারো দর্শকের উপস্থিতি এর বড় প্রমাণ।
স্থানীয় যুবক মহিউদ্দিন শিকদার রাজীবের উদ্যোগে এবং চতুরপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় বড় খালপাড় সূর্য তরুণ ক্লাবকে হারিয়ে বিনা উইকেটে ৯৪ রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় মাটি ভাঙা যুব উন্নয়ন ক্লাব। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে রঙিন টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চতুরপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি বিবেক ঘোষ।
এসএ





