বিএনপিকে চোরের দল নয়, বরং ভদ্রলোক, গরিব, কৃষক ও শ্রমিকের দল বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বিএনপি সরকারের আমলেই হবে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোরের ভবদহ স্লুইসগেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরে একটি দল চুরি করে খেয়েছে। বিএনপি সেই ধরনের দল নয়। বিএনপি সাধারণ মানুষ, কৃষক ও শ্রমিকের দল। ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি জানান, ভবদহের জলাবদ্ধতা নিরসনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তারাও এ সমস্যা সমাধানে আগ্রহী। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি পুনরায় চাষাবাদের উপযোগী করার লক্ষ্যে কাজ করছে সরকার।
কৃষিমন্ত্রী বলেন, ভবদহের জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) কার্যক্রম গুরুত্বপূর্ণ। তবে স্থায়ী সমাধানের অপেক্ষায় কৃষিজমি বছরের পর বছর অনাবাদি রাখা যাবে না। এ কারণে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সহযোগী প্রকল্প নিয়ে দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা নিরসন ও সেচব্যবস্থার উন্নয়নে ২৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচসুবিধা সম্প্রসারণের মাধ্যমে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ মেট্রিক টন খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভবদহ অঞ্চলের মাটির উর্বরতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ এলাকায় কৃষি উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রসুন চাষের উপযোগী জমি রয়েছে এখানে। পরিকল্পিতভাবে চাষাবাদ করা গেলে দেশে রসুনের উৎপাদন বাড়বে এবং আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে।
মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ অঞ্চলের মানুষের দুর্ভোগ সম্পর্কে অবগত রয়েছেন। স্থানীয় মানুষের মতামত ও পরামর্শ নিয়ে কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
পরিদর্শন ও আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানসহ স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএইচ





