ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক ঘটনায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার কোহিনুর গেট বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি মেরামতের জন্য গ্যারেজে রাখা ছিল।
এরপর রাত সাড়ে ১২টার দিকে সাভারের বলিয়ারপুর এলাকায় শ্যামলী পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল-আমিন এবং সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
বিএইচ





