দেশের বাজারে টানা তিন দফা দাম বাড়ার পর গত শুক্রবার সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে রোববারও (৮ নভেম্বর) সোনা বিক্রি হচ্ছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
বাজুসের নির্ধারিত নতুন দাম গত শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর সকালে তৃতীয়বারের মতো সোনার দাম সমন্বয় করে বাজুস। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এর আগে গত ৪ নভেম্বর দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়। তারও আগে ২ নভেম্বর সকালে প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছিল বাজুস।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

