চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩ লাখ টন ধান এবং ৫ লাখ ৫০ হাজার টন চাল সংগ্রহ করবে সরকার। সব মিলিয়ে এ মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে পিআইডি সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
খাদ্যমন্ত্রী জানান, প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। এর মধ্যে ৩ লাখ টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। এ ছাড়া ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। আর চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর। এ কার্যক্রম চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
গত বছর আমন মৌসুমে সরকার প্রতি কেজি ধান ৩৪ টাকা, সিদ্ধ চাল ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করেছিল। ওই মৌসুমে ১ লাখ ৫৩ হাজার টন ধান এবং ৯ লাখ টন চাল সংগ্রহ করা হয়েছিল।
বিএইচ
