বিশ্ব অর্থনীতি ও ব্যবসাপ্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে হিসাবরক্ষক ও অর্থসংক্রান্ত পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের সঠিক হিসাব সংরক্ষণ, আয়-ব্যয়ের বিশদ বিবরণ তৈরি, বাজেট ব্যবস্থাপনা এবং সর্বোপরি আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যান তারা। এসব পেশাজীবীর অনন্য অবদান ও পেশাকে সম্মান জানাতে প্রতিবছর ১০ নভেম্বর উদযাপিত হয় আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস।
হিসাবরক্ষণ বা অ্যাকাউন্টিং কেবল গতানুগতিক আয়-ব্যয়ের হিসাব রাখার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। একটি প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন, ভবিষ্যৎ সুদূরপ্রসারী পরিকল্পনা তৈরি এবং যেকোনো সংকটময় মুহূর্তে সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও হিসাবরক্ষকদের ভূমিকা মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে।
বিশ্বজুড়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক সংস্থা ও করপোরেট প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ পেশার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এই পেশায় নিয়োজিত মেধাবী ব্যক্তিদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় দিবসটিতে। একই সাথে অর্থ ব্যবস্থাপনায় পেশাগত দক্ষতা, সর্বোচ্চ সততা, নৈতিকতা এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখার তাগিদও জোরালোভাবে তুলে ধরা হয়।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক মুক্তবাজার অর্থনীতিতে হিসাবরক্ষণ পেশাজীবীরা কেবল পুরনো আর্থিক তথ্য ও উপাত্ত সংরক্ষণ করেন না, বরং আধুনিক প্রযুক্তি ও অ্যানালিটিকসের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা এবং জাতীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নেও প্রত্যক্ষভাবে সহায়তা করেন। তাই ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এবং জাতীয় অর্থনীতি সচল রাখতে হিসাবরক্ষকদের এই ভূমিকা সবসময়ই প্রশংসনীয় ও অপরিহার্য।
ডিআর

