নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের তরুণ সমাজের আত্মকর্মসংস্থানের পরিধি আরও প্রসারিত করতে বিশেষ ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির আওতায় যোগ্য ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক উদ্যোগ এগিয়ে নিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন।
তবে কেন্দ্রীয় ব্যাংকের এই আর্থিক সহায়তা পেতে হলে কেবল আগ্রহ প্রকাশ করলেই চলবে না; বরং একটি আকর্ষণীয় ব্যবসায়িক পরিকল্পনা (বিজনেস প্ল্যান), প্রাথমিক বিনিয়োগের হিসাব, প্রকল্পের লাভজনকতা এবং কর্মসংস্থান সৃষ্টির সুনির্দিষ্ট সম্ভাবনা প্রমাণ করে যথাযথ নিয়মে আবেদন করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এই তরুণ উদ্যোক্তা ঋণ পেতে আগ্রহীদের কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয়:
ব্যাংকে যোগাযোগ: দেশের যেকোনো তফসিলি ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এছাড়া ব্যাংক কিংবা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও ফরম সংগ্রহ করা সম্ভব।
প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের সময় আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি), হালনাগাদ ট্রেড লাইসেন্স, শিক্ষাগত যোগ্যতার সনদ, পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা এবং সংশ্লিষ্ট ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে।
ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিকল্পনাটিতে ব্যবসার ধরন, পণ্য বা সেবার বাজার চাহিদা, বিপণন কৌশল এবং প্রাথমিক বিনিয়োগ কত, তার বিস্তারিত উল্লেখ থাকতে হবে। পাশাপাশি ব্যবসা থেকে সম্ভাব্য আয়, ব্যয়, মুনাফা, ঋণের অর্থ পরিশোধের বাস্তবসম্মত আর্থিক হিসাব এবং প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে কতজনের কর্মসংস্থান তৈরি হবে তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে।
সবশেষে, আবেদনপত্র নির্দিষ্ট ব্যাংক শাখায় জমা দেওয়ার পর ব্যাংক তা যাচাই-বাছাই করে নিজস্ব নীতিমালা এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা সাপেক্ষে ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ডিআর

