দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে আগামীকাল রোববার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য তুলে ধরেন।
শিল্পমন্ত্রী জানান, আগামীকাল সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্পমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
২২ থেকে ২৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং প্রবেশে কোনো ফি লাগবে না। উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হলো—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশে মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ এবং শিল্প খাতে কর্মরত মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ (প্রায় ৩ কোটি ৬ লাখ) এ খাতের সঙ্গে যুক্ত। জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। তবে এসএমই উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ অনানুষ্ঠানিক খাতে থাকায় তাদের বিকাশ, অর্থায়ন ও বাজার সম্প্রসারণে বিশেষ উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও জানান, এসএমই ফাউন্ডেশন ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় ২৫ লাখ উদ্যোক্তাকে বিভিন্ন কর্মসূচির আওতায় এনেছে, যাদের ৬০ শতাংশই নারী।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের। পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের প্রতিষ্ঠান এতে অংশ নেবে। এ ছাড়া ‘এক গ্রাম এক পণ্য’, বিভিন্ন এসএমই ক্লাস্টারের ৭৮টি প্রতিষ্ঠান এবং ২৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মেলায় থাকছে। তবে বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মেলায় প্রতিদিন কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ কার্যক্রম থাকবে, যেখানে ব্যাংক ও উদ্যোক্তার মধ্যে সমঝোতা হলে মেলাতেই ঋণের আবেদন করা যাবে। এ ছাড়া ২৩ ও ২৪ নভেম্বর তিনটি সেমিনার ও একটি সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান অংশ নেবেন।
ডিআর




