দেশের বাজারে আরও এক দফা বেড়েছে সোনার দাম। এবারের দফায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা, যার ফলে টানা দুই দফায় মূল্যবান এই ধাতুটির দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১০০ টাকা বাড়ল। এতে ভ্যাটসহ এখন ভালো মানের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার এই নতুন দর নির্ধারণের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবং এদিন সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৯৯২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৭০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না, তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে। এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছিল বাজুস, যাতে ভ্যাটসহ ২২ ক্যারেটের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। তার আগে ২৫ নভেম্বর ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমানো হলেও ২৪ নভেম্বর ১ হাজার ৫৭৫ টাকা এবং ২৩ নভেম্বর ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল; আর তারও আগে টানা ৯ দফায় সর্বোচ্চ ৩৪ হাজার ৭০০ টাকা কমানো হয় সোনার দাম।
সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার সোনার দাম সমন্বয় করল বাজুস, যার মধ্যে ৬৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।
ডিআর





