বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নতুন নয়- বাংলাদেশে গত এক দশকে ‘বন্দুকযুদ্ধ’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা স্থানীয় ও আন্তর্জাতিক মহলের আলোচনায় এসেছে বারবার। কিন্তু এবার একটু বেশি আলোচনায় এসেছে। যা ‘মব জাস্টিস’ বলা হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে সহিংস ও রক্তক্ষয়ী এক গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের কর্তৃত্ববাদী আচরণ, দুর্নীতি আর অবর্ণনীয় দমন-পীড়নে অতিষ্ঠ হয়ে ওঠে দেশের মানুষ। অনেক নেতাকর্মী পড়ে যায় তীব্র জনরোষে। যার ফলশ্রুতিতে অনেকেই গণপিটুনির স্বীকার হচ্ছেন। সরকার পরিবর্তনের পর রাজনৈতিক সহিংসতা ও সামাজিক বিরোধে গত দুই মাসে সারা দেশে অন্তত ৬২৫ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। নিহতদের বেশির ভাগ পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
এর মধ্যে আগস্ট মাসে নিহত হয়েছে ৫৪১ জন এবং সেপ্টেম্বর মাসে ৮৪ জন। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণপিটুনিতে নিহত হয় ৬৫ জন। অন্যদিকে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অন্তত ৯০ জন শ্রমিক নিহত হয়েছেন। আর সেপ্টেম্বর মাসে অন্তত ৮৩টি সহিংসতার ঘটনায় নিহত হয়েছে ১৬ জন এবং আহত হয়েছে অন্তত ৭০৬ জন। পুলিশ সদর দপ্তর ও র্যাবের কাছে ধরনের তথ্য পাওয়া গেছে। বাংলাদেশে গত এক দশকে ‘বন্দুকযুদ্ধ’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা স্থানীয় ও আন্তর্জাতিক মহলের আলোচনায় এসেছে বারবার।
পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে ১ হাজার ১০১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছে সমুদ্র-তীরবর্তী সীমান্ত জেলা কক্সবাজারে। এ সময় শুধু এখানেই বন্দুকযুদ্ধে মৃত্যু হয় ২০৬ জনের। কক্সবাজার ছাড়াও এ তালিকায় ওপরের দিকে থাকা অন্য জেলাগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, কুষ্টিয়া, ময়মনসিংহ, খুলনা ও যশোর। সারা দেশে বন্দুকযুদ্ধে মোট নিহতের ৬০ শতাংশেরই প্রাণহানি হয়েছে এ কয়েকটি জেলায়। যদিও প্রকৃতপক্ষে এ সংখ্যা আরো অনেক বেশি বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। এসব জেলায় এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মূলত অনানুষ্ঠানিক অর্থনীতিকে ঘিরেই। কখনো প্রতিপক্ষকে ঘায়েল করতে, কখনো আবার অনানুষ্ঠানিক অর্থনীতির নিয়ন্ত্রণ নিতেও এগুলো ঘটানো হয়েছে। এমন সব ঘটনাগুলোকে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে ‘মব জাস্টিস’। আইন প্রয়োগে দুর্বলতা, সামাজিক অসাম্য, রাজনৈতিক উত্তেজনা, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং মিথ্যা তথ্যের প্রসারের কারণেই ‘মব জাস্টিস’ বাড়ছে। ‘মব জাস্টিস’ একটি গুরুতর সমস্যা, যার পরিণতি খুবই ভয়াবহ।
মব জাস্টিস বা জনতা দ্বারা নিজ হাতে বিচার, একটি গুরুতর সমস্যা যা অনেক দেশেই দেখা যায়। এটি হলো যখন একটি উত্তেজিত জনতা আইন-শৃঙ্খলা বাহিনী বা বিচার বিভাগের হস্তক্ষেপ ছাড়াই কাউকে শাস্তি দেয়। এই শাস্তি প্রায়শই মারধর, নির্যাতন বা হত্যা পর্যন্ত যেতে পারে। কিন্তু বাংলাদেশে অনেকটা বেড়ে গেছে, যা খুবই আতঙ্কের, প্রশ্নবিদ্ধ হয় দেশের আইনব্যবস্থা। মব জাস্টিস আইন-শৃঙ্খলা ভঙ্গ করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। অনেক সময় নিরপরাধ লোকেরাও মব জাস্টিসের শিকার হয়। মব জাস্টিসের ঘটনা দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত করে এবং পর্যটন শিল্পকে ক্ষতিগ্রস্ত করে। সংঘটিত সাম্প্রতিক ঘটনাবলি উদ্বেগজনক। যে কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তির ন্যায়বিচার প্রাপ্তি যেমন অধিকার, তেমনি তার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্র্বর্তীকালীন সরকারের উদাসীনতা এবং বিভিন্ন হামলার পরেও যথাযথ আইনি পদক্ষেপ না নেয়ার কারণে এ ধরনের মব-ভায়োলেন্সের পুনরাবৃত্তি ঘটছে, যা জনমনে অস্থিরতা বিরাজ করছে।
অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের বড় চ্যালেঞ্জ ছিল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, যা দেড় মাসেও সম্ভব হয়নি। দুঃখজনক হলেও সত্য- সরকার জননিরাপত্তার জন্য বিকল্প পথ অবলম্বন করেছেন। সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। জননিরাপত্তার জন্য দায়িত্ব পালনের প্রথম দিনই গণপিটুনিতে দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে- বিষয়টি স্বাভাবিকভাবে নেয়ার কোনো সুযোগ নেই। কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং সকল অপরাধের বিচারের দায়িত্ব আদালতের। যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তারা অপরাধ করছে এবং দেশকে অস্থিতিশীল করে তুলছে, যা দেশের জনগণের জন্য আতঙ্কের। যদিও তোফাজ্জল হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে মনে রাখতে হবে এটাই চূড়ান্ত আইনের শাসন প্রতিষ্ঠা নয়। বিষয়টি আরো গুরুত্ব-সহকারে আমলে নেয়ার কোনো বিকল্প নেই।
‘মব জাস্টিস’ প্রতিরোধে কঠোর না হলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ক্ষুণœ হবে। তাই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের সুনাম রক্ষায় কঠোর ব্যবস্থা নিতে হবে। এজন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দক্ষ করে তুলতে হবে এবং তাদেরকে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম করতে হবে। বিচার বিভাগকে স্বাধীন ও দক্ষ করে তুলতে হবে যাতে তারা ন্যায়বিচার নিশ্চিত করতে পারে। সর্বোপরি, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচারের প্রতি জনতার আস্থা সৃষ্টি হলে মব জাস্টিস অনেকটা বন্ধ হবে- এমনটাই মনে করছি আমরা।

