প্রশাসনসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমের মূল কেন্দ্র রাজধানী ঢাকা হওয়ায় মানুষের বসবাসের ও নানান কাজে ছুটে যাওয়ার প্রধান স্থানও হয়ে উঠেছে ঢাকা। উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত চিকিৎসা সেবা, নতুন নতুন কর্মসংস্থানের প্রতিষ্ঠান সবই গড়ে উঠেছে রাজধানীকে ঘিরে। মূলত এসবের সুযোগ-সুবিধে নিতেই রাজধানীর উপর প্রতিনিয়ত চাপ বাড়ছে মানুষের। নদীভাঙন, খরা, আয় উপার্জনের সুযোগ না থাকার কারণেও গ্রামীণ এলাকার মানুষ ঢাকামুখী হচ্ছে। ফলে তৈরি হচ্ছে বস্তির পর বস্তি আর ঘিঞ্জি দালানকোঠা।
এছাড়াও রয়েছে ভাসমান মানুষের চাপ। তাদের মধ্যে রয়েছে রাজনৈতিক তদবিরকারক, আদম ব্যবসার সঙ্গে যুক্ত দালাল, জমি বেচাকেনার সঙ্গে জড়িত মানুষ, কর্মানুসন্ধানী বেকার, চিকিৎসা প্রার্থী রোগীর সাথে আসা আত্মীয়-স্বজন, উচ্চ আদালতের মামলায় হাজিরা দেয়ার মানুষ, নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণকারী, নিকটবর্তী জেলাগুলো থেকে আসা ও কাজশেষে নিজেদের গ্রামে বা মফস্বল শহরে ফিরে যাওয়া বিপুলসংখ্যক মানুষ, স্বল্প পুঁজির বিক্রেতা ইত্যাদি। এসব মানুষও রাজধানীবাসীর সাথে যুক্ত হয়ে পরিবহন, অফিস-আদালত ও পাবলিক প্লেসে ভিড় বাড়াচ্ছেন।
অধিকাংশ রাষ্ট্রীয় সেবা ও সিদ্ধান্ত পাওয়ার প্রতিষ্ঠানগুলো ঢাকায় থাকায় জনগণকে বারবার রাজধানীতেই ছুটে যেতে হচ্ছে। তাতে নাগরিক জীবনের অস্বস্তি ভয়াবহ আকার ধারণ করেছে। নগরে বাড়ছে শব্দদূষণ, অসহনীয় যানজট, বায়ুদূষণ, মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণসহ নানাবিধ সমস্যা। নগরে জনসংখ্যা বাড়ার তুলনায় বাড়ছে না রাজধানীর ধারণ ক্ষমতা। দেশের সবচেয়ে ব্যস্ত শহর ঢাকা; বিশ্বের চতুর্থ বৃহত্তম শহর। আবার বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম।
২০১৮ সালে ঢাকা ছিল এই তালিকার ৭ নম্বরে। ছয় বছরের ব্যবধানে এখন চলে এসেছে ৪ নম্বরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসেব অনুযায়ী ঢাকা শহরের লোকসংখ্যা এখন ২ কোটি ১৭ লাখ। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন রাজধানীর জনসংখ্যা ২ দশমিক ৫০ কোটির কম নয়। তাদের অনুমান সঠিক বলে ধরে নিলে ঢাকার যে আয়তন, তাতে আড়াই কোটি মানুষের স্বাস্থ্যসম্মত আবাসনের ব্যবস্থা করা প্রায় অসম্ভব। বিনিয়োগের সামর্থ্য থাকলেও সম্ভব না। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছেÑ ঢাকার জনসংখ্যা প্রতি বছর অন্তত ৩ শতাংশের বেশি হারে বাড়ছে। এ হারে বাড়তে থাকলে ২০৩১ সাল নাগাদ ঢাকার জনসংখ্যা প্রায় ১ কোটি বৃদ্ধি পেয়ে সাড়ে ৩ কোটিতে দাঁড়াবে।
বিদ্যমান জনসংখ্যার চাপে অতিষ্ঠ নগরবাসীর সাথে আরো এক কোটি যুক্ত হলে বর্ধিত মানুষের ভার রাজধানীকে বসবাসের অযোগ্য করে তুলবে নিঃসন্দেহে। রাজধানীতে যতই অবকাঠামোগত উন্নয়ন করা হোক, তাতে এর বসবাসঅযোগ্যতা ও যানজটের ভোগান্তি তেমন কমবে না বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। তাই ঢাকার জনসংখ্যা কমানোর প্রধানতম উপায় হলো-প্রশাসনের প্রয়োজনীয় অংশগুলো ঢাকায় রেখে বাকিগুলো রাজধানীর বাইরে নিয়ে যাওয়া। বিশেষ করে যেসব দপ্তরের মূল কর্মকাণ্ড আঞ্চলিকভাবে পরিচালিত হওয়া সম্ভব, সেখানে এর প্রধান কার্যালয় রাজধানীতে রাখা প্রয়োজন নেই।
উদাহরণ হিসেবে বলা যায়-বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রধান কার্যালয়। এটিকে সেবা প্রদানের গুরুত্ব বিবেচনায় অনায়াসেই ঢাকা থেকে বন্দর নগরী চট্টগ্রামে স্থান্তরিত করা যায়। একইভাবে বলা যায় রেলের প্রধান কার্যালয় চট্টগ্রাম কিংবা রংপুর বিভাগীয় শহরে স্থানান্তর করা যুক্তিসঙ্গত। এতে করে সংশ্লিষ্ট শহরেরও গুরুত্ব বেড়ে যাবে। এই প্রেক্ষাপটে আশা জাগানিয়া একটি খবরের কথা উল্লেখ করা যায়। একটি শীর্ষ স্থানীয় দৈনিকের খবর বলছে- বন্দনগরী চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরে হামিদ চরে ‘মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম’ নামে একটি কর্মপ্রকল্প শুরু করার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৭৩ দশমিক ৪২ একর জমির ওপর গড়ে উঠবে একটি সমন্বিত দপ্তর। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এই সমন্বিত দপ্তরের জন্য প্রস্তাবিত জায়গাটি পরিদর্শনও করেছেন। দপ্তরটি নির্মিত হলে শুধু ঢাকাকেন্দ্রিক দপ্তর নয়, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের অফিস ও সার্কিট হাউসসহ ৪৪টি সরকারি দপ্তর চলে আসবে এখানে। রাজধানীকেন্দ্রিক প্রশাসনকে বিভাগীয় শহরে নিয়ে যাওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ।
অন্যান্য বিভাগীয় শহরেও এভাবে সমন্বিত দপ্তর গড়ে তুলে রাজধানীকে চাপমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করতে পারেন সরকার। ঢাকামুখী জনসে াতকে কমানোর আরেকটি উপায় হচ্ছে-দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণ এবং সেই সরকারের হাতে স্থানীয় কর আদায়, স্থানীয় প্রতিষ্ঠানগুলোর (বিদ্যালয়, হাসপাতাল ইত্যাদি) পরিচালনা, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন ইত্যাদি সমুদয় কাজের দায়িত্ব ন্যস্ত করা। এছাড়া ভারী শিল্পের উদ্যোক্তাদের পাশাপাশি গার্মেন্টস কারখানাগুলোকে যতটা সম্ভব ঢাকার বাইরে দূরবর্তী অঞ্চলে স্থানান্তর বা নতুন করে গড়ে তুলতে গার্মেন্টস কারখানার মালিকদের উৎসাহ দিয়ে সেটি অনুসরণ তাদের জন্য বাধ্যতামূলক করতে হবে। এসব করতে হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুষ্ঠু পরিকল্পনা অপরিহার্য। যেসব দপ্তর রাজধানীতে না রাখলেই নয়, সেগুলো রেখে জনসেবার সাথে সরাসরি সম্পৃক্ত সরকারি ও আধা-সরকারি অফিসগুলোকে বিভিন্ন বিভাগ ও জেলাগুলোতে স্থানান্তর করতে হবে। একই সাথে রাজধানীর সমমানের শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান অন্তত বিভাগ পর্যায়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে গড়ে তুলতে হবে। বিভাগগুলোতে সৃষ্টি করতে হবে নতুন কর্মসংস্থানও। এসব করতে পারলে রাজধানীতে মানুষের চাপ অনেকটাই কমে যাবে আশা করা যায়।
কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো-যুগ যুগ ধরে প্রশাসনকে বিকেন্দ্রীকরণের দাবি জানানো হলেও তা বাস্তবায়নে অতীতের কোন সরকারই কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেননি বা করতে পারেননি। এর মূল একটি কারণ হলো-সরকারের নীতিনির্ধারণী মহলের বড় একটি অংশের রাজধানী ছাড়ার ক্ষেত্রে প্রবল অনীহা। এ কারণে এই দাবির বাস্তবায়ন কোন রাজনৈতিক দলের সরকারের পক্ষে আগেও যেমন সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে বলে মনে করার কোন কারণ দেখি না। একমাত্র অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের পক্ষেই কেবল সম্ভব রাজধানী থেকে প্রশাসনকে বিকেন্দ্রীকরণের যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন করা।
বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য সংস্কার কমিশন গঠন করেছেন। প্রশাসন ও বিভিন্ন রাষ্ট্রীয় সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য রাজধানীকেন্দ্রিক প্রশাসনের বিকেন্দ্রীকরণকেও সমান গুরুত্ব দিয়ে সরকার আরেকটি সংস্কার কমিশন গঠন করবেন-এমন আশা ব্যক্ত করেছেন সচেতন নাগরিক সমাজ। আশার কথা যে-ক্ষমতা গ্রহণের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের দ্বিতীয় বৈঠকে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড.ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘সিটি কর্পোরেশন ও পৌরসভায় দাপ্তরিক সুযোগ-সুবিধা বাড়িয়ে রাজধানীকে বিকেন্দ্রীকরণ করা হবে।’ তবে একটি কমিশন গঠনের মাধ্যমে তাদের সুপারিশের ভিত্তিতে বিকেন্দ্রীকরণের কাজটি করা হলে তা বিস্তৃত পরিসরে জন-আকাক্সক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন।
লেখক: কবি, কথাশিল্পী ও কলামিস্ট
মানবকণ্ঠ/আরএইচটি

