২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে ২০ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। এর মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১১ জন এবং এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান জানিয়েছে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা সংগঠন আঁচল ফাউন্ডেশন।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মাত্র ১০ দিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে ৯ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এসব শিক্ষার্থীর মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ।
প্রাথমিক সংবাদ প্রতিবেদন, পরিবার ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশিত ফল না পাওয়া, পারিবারিক প্রত্যাশা এবং সামাজিক চাপের মতো বিষয় এসব ঘটনার পেছনে উঠে এসেছে।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, খুলনা বিভাগের সাতক্ষীরা, মাগুরা, যশোর ও বাগেরহাট জেলায় মোট পাঁচটি ঘটনা ঘটেছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, ঢাকা বিভাগের গাজীপুর এবং রাজশাহী বিভাগের বগুড়ায় একটি করে ঘটনা নথিভুক্ত হয়েছে।
এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১১ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে আসে। সব মিলিয়ে দুই পরীক্ষার ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর এমন মৃত্যু নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
আঁচল ফাউন্ডেশনের মতে, পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষার্থীরা বিশেষ ধরনের মানসিক চাপের মধ্য দিয়ে যায়। এ সময় শুধু ফলাফল ও পরবর্তী শিক্ষাজীবন নিয়ে ভাবলেই চলবে না, শিক্ষার্থীদের মানসিক অবস্থার প্রতিও গুরুত্ব দিতে হবে।
সংগঠনটি অভিভাবক, শিক্ষক ও সহপাঠীদের প্রতি অকৃতকার্য কিংবা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের সঙ্গে সহানুভূতিশীল আচরণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি অপমান, ভর্ৎসনা, অন্যের সঙ্গে তুলনা এবং অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
শিক্ষার্থীদের মানসিক সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে পরামর্শসেবা চালু, বিনা মূল্যে মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত এবং ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তন পর্যবেক্ষণের সুপারিশ করেছে সংগঠনটি।
আঁচল ফাউন্ডেশন মনে করে, পরীক্ষায় অকৃতকার্য হওয়া জীবনের শেষ নয়। শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি, অনুভূতি প্রকাশের সুযোগ এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞের সহায়তা নিশ্চিত করা জরুরি।
বিএইচ

