এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি (সম্পূরক) পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ও বিকাল—এই দুই পালায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পালা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকালের পালা দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
১ ডিসেম্বর: ইংরেজি প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে।
২ ডিসেম্বর: বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩ ডিসেম্বর: পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
৫ ডিসেম্বর: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যান্য বিষয়ের পরীক্ষাও নির্ধারিত সূচি অনুযায়ী চলবে এবং আগামী ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, একই তারিখের (১৫ ডিসেম্বর) মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড:
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা যেকোনো নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
তবে পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।
ডিআর

