জাপানে তীব্র শ্রমিক সংকটের মধ্যে বিদেশি কর্মী নিয়োগে আগ্রহ বাড়ছে বিভিন্ন প্রতিষ্ঠানের। বিশেষ করে দেশটির বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীদের স্নাতক শেষে নিজেদের প্রতিষ্ঠানে নিয়োগ দিতে চাইছে অনেক জাপানি কোম্পানি। তবে চাকরির সুযোগ বাড়লেও উচ্চমাত্রার জাপানি ভাষায় দক্ষতার শর্তসহ নানা কারণে কর্মজীবন শুরু করতে হিমশিম খাচ্ছেন বিদেশি শিক্ষার্থীদের বড় একটি অংশ।
জাপানের সংবাদমাধ্যম নিকেই এশিয়ার ২০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের শুরুতে টোকিওতে আয়োজিত একটি চাকরির মেলায় অংশ নেন বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীরা। পড়াশোনা শেষে জাপানেই কর্মজীবন শুরু করার প্রত্যাশায় তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন। তবে নিয়োগের সুযোগ বাড়লেও প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশিত যোগ্যতা পূরণ করা অনেকের জন্য কঠিন হয়ে উঠছে। বিশেষ করে জাপানি ভাষায় যোগাযোগের দক্ষতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতির পেছনে জাপানের নিয়োগব্যবস্থারও ভূমিকা রয়েছে। দেশটির অধিকাংশ প্রতিষ্ঠান নতুন স্নাতকদের নিয়োগের ক্ষেত্রে জাপানি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদেরও একই ধরনের বাছাইপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলে। চাকরির আবেদন, জীবনবৃত্তান্ত, লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার এবং প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রায় প্রতিটি পর্যায়েই জাপানি ভাষার প্রয়োজন হয়। ফলে শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতা থাকা সত্ত্বেও ভাষাগত সীমাবদ্ধতার কারণে অনেক বিদেশি শিক্ষার্থী পিছিয়ে পড়েন।
জাপানের নিয়োগবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ক্যারিয়ার-তাসুর ২০২৬ সালের আগস্টে প্রকাশিত এক জরিপেও বিষয়টি উঠে এসেছে। ২০২৭ সালের মার্চে স্নাতক হতে যাওয়া ২০৬ জন বিদেশি শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপে দেখা যায়, ৭২ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী নিজেদের জাপানি ভাষার দক্ষতাকে ব্যবসায়িক পর্যায়ের বা তার চেয়ে উন্নত বলে জানিয়েছেন। তাঁদের মধ্যে ২০ দশমিক ৯ শতাংশ নিজেদের মাতৃভাষার মতো দক্ষ এবং ৫১ দশমিক ৫ শতাংশ ব্যবসায়িক পর্যায়ে দক্ষ বলে উল্লেখ করেছেন। এ ছাড়া ৬৭ শতাংশ শিক্ষার্থীর জাপানি ভাষা দক্ষতার সর্বোচ্চ স্তর এন-১ সনদ রয়েছে।
তবে ভাষায় দক্ষতা থাকা সত্ত্বেও চাকরির ক্ষেত্রে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে অনেকের। জরিপে ৫৫ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, জাপানি ভাষায় নিজেদের বক্তব্য কর্মক্ষেত্রে ঠিকভাবে বোঝাতে পারবেন কি না, তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। অর্থাৎ দৈনন্দিন জীবনে জাপানি ভাষায় যোগাযোগ করতে পারলেও পেশাগত পরিবেশে আনুষ্ঠানিক আলোচনা, সাক্ষাৎকার কিংবা কাজের প্রয়োজনে জটিল বিষয় ব্যাখ্যা করার ক্ষেত্রে অনেকে নিজেদের যথেষ্ট প্রস্তুত মনে করছেন না।
অন্যদিকে, বিদেশি শিক্ষার্থীদের নিয়োগ দিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশাও বেশ উচ্চ। একই গবেষণা প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত জরিপে দেখা যায়, বিদেশি শিক্ষার্থীদের নিয়োগের ক্ষেত্রে অধিকাংশ প্রতিষ্ঠান ব্যবসায়িক পর্যায়ের বা তার চেয়ে উন্নত জাপানি ভাষার দক্ষতাকে গুরুত্ব দেয়। কিছু প্রতিষ্ঠানে এন-১ কিংবা এন-২ পর্যায়ের ভাষাগত যোগ্যতাও নিয়োগের শর্ত হিসেবে বিবেচিত হয়।
জরিপে আরও দেখা যায়, বিদেশি শিক্ষার্থীদের ৮৯ দশমিক ৩ শতাংশ পড়াশোনা শেষে জাপানেই চাকরি করতে চান। তাঁদের মধ্যে ৫১ শতাংশ জাপানি মালিকানাধীন প্রতিষ্ঠানে এবং ৩৮ দশমিক ৩ শতাংশ জাপানে অবস্থিত বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী। জাপানের জীবনযাপনের পরিবেশের সঙ্গে পরিচিত হয়ে ওঠা এবং অর্জিত ভাষাগত দক্ষতা কাজে লাগানোর সুযোগকে দেশটিতে চাকরি করতে চাওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তাঁরা।
কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা ও নিয়োগপ্রক্রিয়ার সময়সূচিও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। জাপানি শিক্ষার্থীরা সাধারণত স্নাতক হওয়ার প্রায় এক বছর আগে থেকেই চাকরির প্রস্তুতি শুরু করেন। অন্যদিকে, বিদেশি শিক্ষার্থীদের বড় একটি অংশ তুলনামূলক দেরিতে চাকরির বাজারে প্রবেশ করেন।
জরিপ অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের ৪৫ দশমিক ৬ শতাংশ নিয়োগপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরুর সময় বা তার পরে চাকরি খোঁজা শুরু করেন। বিপরীতে জাপানি শিক্ষার্থীদের ক্ষেত্রে এই হার মাত্র ১ দশমিক ৮ শতাংশ। ফলে নিয়োগের প্রাথমিক পর্যায়েই অনেক বিদেশি শিক্ষার্থী পিছিয়ে পড়েন।
এর প্রভাব দেখা গেছে চাকরির প্রস্তাব পাওয়ার পরিসংখ্যানেও। ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিদেশি শিক্ষার্থীদের মধ্যে চাকরির প্রস্তাব পাওয়ার হার ছিল ৪৯ শতাংশ। একই সময়ে জাপানি শিক্ষার্থীদের ক্ষেত্রে এ হার ছিল ৮৫ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ দুই পক্ষের মধ্যে ব্যবধান ছিল ৩৬ দশমিক ৫ শতাংশ পয়েন্ট।
তবে জাপানে চাকরির সুযোগ একেবারে সীমিত নয়। দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যাও দ্রুত বাড়ছে। জাপান স্টুডেন্ট সার্ভিসেস অর্গানাইজেশনের (জাসো) ২০২৫ সালের জরিপ অনুযায়ী, ওই বছরের ১ মে পর্যন্ত জাপানে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার ৬৯ জন, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ২ শতাংশ বেশি।
জনসংখ্যা কমে যাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে বিভিন্ন খাতে কর্মীর চাহিদা বাড়ছে। এ পরিস্থিতিতে বিদেশি শিক্ষার্থীদের একটি অংশকে ভবিষ্যৎ জনশক্তি হিসেবে বিবেচনা করছে জাপানি প্রতিষ্ঠানগুলো।
এদিকে জাপানে পড়াশোনা শেষ করে চাকরি পেতে হলে শুধু ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়। দেশটির নিয়োগব্যবস্থা, চাকরির সময়সূচি, সাক্ষাৎকারের ধরন এবং ব্যবসায়িক পরিবেশের সঙ্গে পরিচিত হওয়াও জরুরি। জাপান স্টুডেন্ট সার্ভিসেস অর্গানাইজেশনের বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রকাশিত ২০২৭ সালের চাকরি নির্দেশিকায়ও জাপানি ভাষা ও যোগাযোগের দক্ষতাকে নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে জাপানে বিদেশি শিক্ষার্থীদের জন্য চাকরির সম্ভাবনা বাড়লেও ভাষাগত দক্ষতা, নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত ধারণা এবং সময়মতো প্রস্তুতি নেওয়ার অভাব কর্মজীবন শুরু করার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: নিকেই এশিয়া, জাপান স্টুডেন্ট সার্ভিসেস অর্গানাইজেশন।




