চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে কেন্দ্র করে চলমান সংকটের সমাধান না হওয়ায় আবারও কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি কার্যকর হচ্ছে। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলমান আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীরা এ কর্মসূচির ঘোষণা দেন।
শিক্ষার্থীদের ভাষ্য, গত দুই মাসের বেশি সময় ধরে তাঁরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছেন। এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হলেও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো সমাধান আসেনি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শাটডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
আলোচনা সভা শেষে রাত ২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন। কিন্তু সংকট সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে, কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করবে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটি।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম চালু হয়। তবে সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাসের ব্যবধানে আবারও শাটডাউনের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা।
বিএইচ





