অভিনেত্রী তানজিন নাহার তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এ সিদ্ধান্তের কথা জানিয়ে তাকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনের ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠি অনুযায়ী, গত ৪ অক্টোবর তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।
চিঠিতে বলা হয়, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে ওই নোটিশের জবাবে তিনি সংগঠনের কার্যালয়ে কোনো লিখিত ব্যাখ্যা জমা দেননি।
এ অবস্থায় অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সালিশ ও বিরোধ নিষ্পত্তি বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

